লন্ডন, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জামিন পেলেও ছাড়া পাননি যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ। মঙ্গলবার আবারো তাকে লন্ডনের কারাগারে ফিরে যেতে হয়েছে।
ব্রিটেনের আদালত ৩ লাখ ১৭ হাজার ৪শ' ডলার জামানতের শর্তে জামিন মঞ্জুর করলেও সুইডিশ কৌঁসুলিদের বিরোধিতার মুখে তাকে আবারো কারাগারে পাঠানো হয়েছে বলে বিবিসিসূত্রে জানা গেছে।
কারাগারে পাঠানোর ব্যাপারে আদালতের বিচারক অ্যাস্যাঞ্জকে বলেন, "আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই আপনার জামিনের বিরুদ্ধে একটি আবেদন হচ্ছে, যে কারণে আপনাকে কারাগারে থাকতে হচ্ছে।"
বিচারকের এই আদেশ শোনার পর অ্যাস্যাঞ্জ মন্তব্য করেন, "আমি সবকিছু বুঝতে পেরেছি।"
অ্যাস্যাঞ্জের জামিনের বিরুদ্ধে আদালতে কৌঁসুলিদের আপীলের শুনানি হবে বৃহস্পতিবার। আদালতের কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।
অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে সুইডেনে যৌন অপরাধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তার বিরুদ্ধে দুই সুইডিশ নারী যৌন পীড়নের অভিযোগ আনেন।
কিন্তু এসব অপরাধ বরাবরই অস্বীকার করেছেন অ্যাস্যাঞ্জ। একে তিনি রাজনৈতিক চক্রান্ত বলে অভিহিত করেছেন।
অ্যাস্যাঞ্জের আইনজীবী মার্ক স্টিফেনস আইনি এই প্রক্রিয়া ক্রমশ 'লোক দেখানো বিচার'-এ মোড় নিচ্ছে বলে মন্তব্য করেছেন।
এর আগে যুক্তরাষ্ট্রের কয়েক লাখ গোপন কূটনৈতিক নথি ফাঁস করে আলোচনার ঝড় তোলা ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা অ্যাস্যাঞ্জ সুইডেনে যৌন অপরাধের অভিযোগে ব্রিটেনে গ্রেপ্তার হন।
লন্ডনে অ্যাস্যাঞ্জ পুলিশের কাছে ধরা দেওয়ার পর ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু তাৎক্ষণিকভাবে অ্যাস্যাঞ্জের জামিন নামঞ্জুর করে ব্রিটেনের আদালত।
মঙ্গলবার বিচারক হাওয়ার্ড রিডল তাকে শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছেন। ১১ জানুয়ারিতে আরেক দফা শুনানি না হওয়া পর্যন্ত জামিনে অ্যাস্যাঞ্জ মুক্ত থাকবেন বলেও জানানো হয়।
কিন্তু সুইডিশ কৌঁসুলিরা কিছুক্ষণের মধ্যেই এই জামিন আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দেন। ফলে মুক্তি পেলেন না অ্যাস্যাঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৪৬ঘ.
bdnews24