২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান দুর্বৃত্ত রাষ্ট্র নয়: অস্ট্রেলিয়া

ইরান দুর্বৃত্ত রাষ্ট্র নয়। আর ইরানের পরমাণু কর্মসূচি হামলা চালানোর জন্য নয় বরং হামলা ঠেকানোর জন্য। অস্ট্রেলিয়ার এ মন্তব্য ফাঁস করেছে উইকিলিকস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 10:43 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

সিডনি, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান দুর্বৃত্ত রাষ্ট্র নয়। আর ইরানের পরমাণু কর্মসূচি হামলা চালানোর জন্য নয় বরং হামলা ঠেকানোর জন্য। অস্ট্রেলিয়ার এ মন্তব্য ফাঁস করেছে উইকিলিকস। এর জেরে মিত্র দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে অস্ট্রেলিয়া। সিডনি মর্নিং হেরাল্ডে সোমবার ফাঁস হওয়া বার্তায় বলা হয়, অষ্ট্রেলিয়ার শীর্ষ একটি নিরাপত্তা সংস্থা মনে করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের দরকষাকষিকেই ইরান তার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার সবচে ভালো পথ বলে মনে করে। ২০০৮ সালে ক্যানবেরার কূটনৈতিক নথিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে এক ব্রিফিংয়ে অস্ট্রেলিয়ার অফিস অব ন্যাশনাল অ্যাসেসমেন্ট (ওএনএ)'র তৎকালীন প্রধান পিটার ভার্গেসে বলেছেন, "ইরান কে দুর্বৃত্ত রাষ্ট্র মনে করাটা ভুল।" ওদিকে, ওয়াশিংটনে পাঠানো মার্কিন দূতাবাসের প্রতিবেদন উদ্ধৃত করে আরেক নথিতে বলা হয়েছে, ওএনএ তেহরানের পরমাণু কর্মসূচিকে আত্মরক্ষামূলক হিসাবেই দেখে থাকে। তবে ওএনএ ইরানকে নিয়ে ওয়াশিংটনের মতো একইধরনের উদ্বেগও প্রকাশ করে বলে উল্লেখ করা হয়েছে নথিতে। আর তা হচ্ছে, ইরানের পরমাণু কর্মসূচি প্রচলিত বা পরমাণু যুদ্ধ ডেকে আনতে পারে। অন্যদিকে, ইসরায়েল আর ইরানের মধ্যে সংঘাত মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে বার্তায়। এতে আরো বলা হয়, ওএনএ একথা ভেবেও শঙ্কিত যে, মধ্যপ্রাচ্যে পরমাণু অস্ত্র বিস্তার দক্ষিণপূর্ভ এশিয়ার দেশগুলোকেও নিজস্ব পরমাণু সক্ষমতা অর্জনে উদ্যোগী করে তুলতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৩৮ ঘ.