সিউল, ওয়েলিংটন, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার গভীর সমুদ্রগামী একটি মাছ ধরার ট্রলার সোমবার অ্যান্টার্কটিকার কাছে দক্ষিণ মহাসাগরে ডুবে ৫ নাবিক নিহত হয়েছে।
এছাড়া ১৭ নাবিক এখনো নিখোঁজ রয়েছে। বাকিদের উদ্ধার করা হয়েছে বলে নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ট্রলারটিতে নাবিক ছিলেন ৪২ জন ।
নিউজিল্যান্ডের উদ্ধার কার্যক্রম সমন্বয় কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টায় ট্রলারটি অ্যান্টার্কটিকার এক হাজার কিলোমিটার উত্তরে ও নিউজিল্যান্ডের দুই হাজার সাত শ' কিলোমিটার দক্ষিণে ডুবেছে।
সমন্বয় কেন্দ্র আরো জানিয়েছে, সেখানে পানির তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস হওয়ায় সঠিক উপকরণ ছাড়া ডুবে থাকা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১০ মিনিট।
তবে ট্রলার ডোবার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে তারা জানিয়েছে।
নিউজিল্যান্ডের দুটি ও দক্ষিণ কোরিয়ার তিনটি নৌযান উদ্ধার কাজে তৎপর রয়েছে। নিউজিল্যান্ডের বিমান বাহিনীর একটি বিমান সেখানে পাঠানো হতে পারে।
তবে ঘটনাস্থলে পৌঁছাতে ওই বিমানটির প্রায় ৮ ঘণ্টা সময় লাগবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২১৫ঘ.
bdnews24