সিউল, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স) --- উত্তর কোরিয়ার সঙ্গে চরম উত্তেজনার মুখে ধারাবাহিক সামরিক মহড়ার অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া সোমবার থেকে ৫ দিনের নতুন গোলাগুলির মহড়া শুরু করছে।
দক্ষিণ কোরিয়ার নাম প্রকাশে অনিচ্ছুক এক সামরিক কর্মকর্তা রোববার একথা জানিয়েছেন।
তিনি জানান, পশ্চিম উপকূলের কাছে সাগরে দক্ষিণ কোরিয়া এ নতুন গোলা-গুলির মহড়া শুরু করবে। ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মহড়া।
তবে পশ্চিম উপকূলে দুই কোরিয়ার বিতর্কিত সমুদ্রসীমার কাছাকাছি ইয়োনপিয়ং দ্বীপ এ মহড়া এলাকার মধ্যে নেই।
গত ২৩ নভেম্বর দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার গোলাবর্ষণে চারজন নিহত হলে কোরিয় উপদ্বীপে চরম উত্তোজনা দেখা দেয়।
উত্তর কোরিয়া পুনরায় হামলা করলে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে দক্ষিণ কোরিয়া হুঁশিয়ার করে দেয়।
গত সপ্তাহে চীনা প্রতিনিধি দাই বিঙ্গো উত্তর কোরিয়া সফরকালে শীর্ষ নেতা কিম জং ইল এর সাথে সাক্ষাৎ করলেও উত্তর কোরিয়া তেমন কোন ছাড় দেয়নি বলে অভিযোগ করেন দক্ষিণ কোরীয় এক কর্মকর্তা। বার্তা সংস্থা ইয়োনহাপ এক প্রতিবেদনে একথা জানিয়েছে।
ওযাশিংটন চীনকে তার মিত্র পিয়ংইয়ং-এর লাগাম টেনে ধরার জন্য চাপ দিচ্ছে। এ উদ্দেশ্যে আগামী মাসে চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭ ৫৬৯ ঘ.
bdnews24