পোর্ট-অব-প্রিন্স, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-হাইতির প্রেসিডেন্ট নির্বাচনের শীর্ষ তিন প্রার্থীর দুইজন শনিবার ভোট পুনর্গণনার পরিকল্পনা নাকচ করেছেন।
নির্বাচনের প্রাথমিক ফলাফলে তৃতীয় অবস্থানে থাকা প্রার্থী মাইকেল মার্টেলির সমর্থকদের বিক্ষোভ সহিংসতার মুখে বৃহস্পতিবার বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে ভোট পুনর্গনণার জন্য একটি নতুন কমিশন গঠনের ঘোষণা দেয় নির্বাচনী পরিষদ।
এ ঘোষণার প্রতিক্রিয়ায় দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার টিকিট পাওয়া প্রার্থী ম্যানিগ্যাট ও তৃতীয় অবস্থানে থাকা মার্টেলি শনিবার ভোট পুনর্গণনা পরিকল্পনা নাকচ করেছেন।
হাইতির প্রাদেশিক নির্বাচনী পরিষদ মঙ্গলবার গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফল ঘোষণা করে।
সাবেক ফার্স্ট লেডি মিরল্যান্ড ম্যানিগ্যাট ও বিদায়ী প্রেসিডেন্ট রেনে প্রিভ্যালের স্নেহধন্য জুডে কেলেস্টিনকে জানুয়ারিতে অনুষ্ঠেয় দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রয়োজনীয় ভোট পেয়েছেন বলে নির্বাচনী ফলে ঘোষণা করা হয়।
ওই ফলাফল ঘোষণার পর তৃতীয় অবস্থানে থাকা প্রার্থী জনপ্রিয় সঙ্গীত শিল্পী মাইকেল মার্টেলির সমর্থকরা ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ সহিংসতায় জড়িয়ে পড়ে।
গত জানুয়ারিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত হাইতি ভূমিকম্পের ক্ষত সারিয়ে ওঠার আগেই আবার কলেরা মহামারিতে আক্রান্ত হয়। কলেরায় এ পর্যন্ত দুই হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। তাছাড়া এখনো কলেরার বিরুদ্ধে লড়ছে হাইতিবাসী।
তাই হাইতির স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য দেশটির রাজনৈতিক মীমাংসা জরুরি।
জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন হাইতির নির্বাচনে অস্বচ্ছতার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইনি পথে এর শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭৩৮ ঘ.
bdnews24