বেইজিং, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- চীনের বিক্ষুব্ধ প্রতিক্রিয়ার মধ্যেই অসলোতে এবছর শান্তি পুরস্কার বিজয়ী লিউ জিয়াবোর আসন শূন্য রেখে শুক্রবার শুরু হয়েছে নোবেল অনুষ্ঠান।
চীনের বিরোধিতার কারণে নোবেল শান্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত নেই জিয়াবো বা তার পরিবারের কেউ।
কারাবন্দি লিউ জিয়াবোর পুরস্কার গ্রহণ ঠেকাতে চীন নিরাপত্তা জোরদার করাসহ তার সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগের ওপরও কড়াকড়ি করছে।
চীনের সিদ্ধান্তের বিরোধিতা করে যারা অসলোর অনুষ্ঠানে যেতে চেয়েছিলেন তাদেরও দেশ ছাড়তে দেওয়া হয়নি। তাদেরকে রাখা হয়েছে কড়া নজরে।
বাইরের বিশ্বের সঙ্গে জিয়াবো বা সংশ্লিষ্ট অন্যান্যদের যোগযোগ বন্ধ করে দিতে ইন্টারনেট ও টেলিযোগাযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।
জিয়াবোকে সর্বজনীন মানবাদিকারের ভিত্তিতে নোবেল দেওয়া হয়েছে, চীনকে ক্ষুব্ধ করার জন্য কিংবা চীনের ওপর পশ্চিমা মূল্যবোধ চাপিয়ে দেওয়ার জন্য নয়-- নোবেল কমিটির চেয়ারম্যানের এমন মন্তব্যও বেইজিং অগ্রাহ্য করেছে।
রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের জন্য ১১ বছরের সাজা ভোগের অংশ হিসেবে কারাগারে রয়েছেন লিউ জিয়াবো।
নোবেল শান্তি পুরস্কারের জন্য জিয়াবোকে মনোনীত করায় শুরু থেকেই তার তীব্র সমালোচনা করে আসছে চীন। শুক্রবারের পুরস্কার প্রদান অনুষ্ঠান বর্জনের জন্য কূটনৈতিক তৎপরতাও চালিয়েছে দেশটি।
বিশ্বের বিভিন্ন দেশকে এ অনুষ্ঠান বর্জন করার চাপ দিয়ে এসেছে চীন। সেইসঙ্গে এ অনুষ্ঠানে কোনো দেশ যোগ দিলে তা চীনকে অশ্রদ্ধারই নামান্তর হবে বলে সতর্ক করেছে।
চীনের আহ্বানে সাড়া দিয়েছে অনেকগুলো দেশ। চীনের চাপের কারণে এবং চীনের সঙ্গে বণিজ্যিক সম্পর্ক থাকার কারণে দেশগুলো অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নিয়েছে।
নরওয়ের নোবেল কমিটি বলেছে, ১৯ টি দেশ অনুষ্ঠানে অংশ নিচ্ছে না। তবে আমন্ত্রিতদের দুই তৃতীয়াংশ অনুষ্ঠানে যোগ দেবে বলে জানায় কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৩ ঘ.
bdnews24