আদ্দিস আবাবা/আবিদজান, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আইভরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে অচলাবস্থার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দেশটির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে আফ্রিকান ইউনিয়ন।
ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবো যতদিন পর্যন্ত আলাসানে ওয়াতারার কাছে ক্ষমতা হস্তান্তর না করবেন ততদিন আফ্রিকান ইউনিয়নে আইভরি কোস্টের সদস্যপদ স্থগিত থাকবে।
দশকব্যাপী সংঘাত অবসানের লক্ষ্যে গত ২৮ নভেম্বর পশ্চিম আফ্রিকার এই দেশটিতে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। দেশটির নির্বাচন কমিশন আলাসানে ওয়াতারাকে বিজয়ী বলে ঘোষণা দেয়।
আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ এই ফলাফলকে সমর্থন জানালেও ক্ষমতাসীন প্রেসিডেন্ট জিব্যাগবো তা মেনে নেননি। জিব্যাগবোর এক মিত্রর নেতৃত্বাধীন সাংবিধানিক পরিষদ নির্বাচনী ফলাফলকে অবৈধ ঘোষণা করে।
এরপর প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে জিব্যাগবো এরই মাঝে প্রধানমন্ত্রীও নিয়োগ দেন। প্রতিপক্ষ আলাসানে ওয়াতারাও প্রেসিডেন্ট হিসেবে পৃথকভাবে শপথ নেন।
প্রেসিডেন্ট নিয়ে চলা রাজনৈতিক অচলাবস্থা নিরসনে দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি মধ্যস্থতার চেষ্টা চালালেও তা ব্যর্থ হয়।
এরই মাঝে বুধবার প্রেসিডেন্ট পদে বিজয়ী হিসেবে আলাসানে ওয়াতারাকে সমর্থন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
জিব্যাগবোকে ক্ষমতা ছাড়ার জন্য জাতিসংঘ, ইউরোপী ইউনিয়ন এবং পশ্চিম আফ্রিকার ইকোওয়াস ব্লক অনুরোধ জানিয়ে আসলেও তিনি তা প্রত্যাখান করেছেন।
প্রসঙ্গত, গত ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৪ঘ.
bdnews24