লন্ডন, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর বিরুদ্ধে বিক্ষোভকারী শিক্ষার্থীদের রোষের মুখে পড়েছেন ব্রিটেনের প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা।
বৃহস্পতিবার লন্ডনের একটি থিয়েটারে যাওয়ার পথে তাদের বহনকারী গাড়িটি হামলার শিকার হয় বলে জানিয়েছেন চার্লসের মুখপাত্র।
চার্লসের মুখপাত্র বলেন, আমরা নিশ্চিত করে জানাচ্ছি, মহামান্য যুবরাজ ও যুবরাজ্ঞীকে বহনকারী গাড়িটি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় লন্ডনের একটি থিয়েটারে যাওয়ার পথে বিক্ষোভকারীদের হামলার শিকার হয়েছে। তবে তারা উভয়েই অক্ষত রয়েছেন।
তবে ওই মুখপাত্র বিস্তারিত আর কিছু জানাননি।
লন্ডনের পুলিশ সুপারিনটেনডেন্ট জুলিয়া পেনড্রি জানান, লন্ডনের কেন্দ্রস্থলে ব্যস্ততম অক্সফোর্ড অঞ্চলে গাড়িটি হামলার শিকার হয়।
পেনড্রি বলেন, "আমরা নিশ্চিত করে বলতে পারছি না তারা (বিক্ষোভকারী শিক্ষার্থীরা) প্রকৃতপক্ষে যুবরাজের সঙ্গে কথা বলতে চেয়েছিল কিনা।"
টেলিভিশন ফুটেজে দেখা যায়, প্রিন্সকে বহনকারী সাদা গাড়িটির আরোহী অংশের জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে পার্লামেন্টে বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি বাড়ানোর বিরুদ্ধে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। পার্লামেন্টের সামনে এ বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে।
টিউশন ফি প্রায় তিনগুণ বাড়ানোর সরকারি পরিকল্পনার বিরুদ্ধে ২৪ নভেম্বর লন্ডনের কেন্দ্রস্থলে সহিংস বিক্ষোভ করে হাজার হাজার শিক্ষার্থী।
ওই ঘটনার কিছুদিন পরই আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো লন্ডন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/০৯৫৩ঘ.
bdnews24