২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইবার হামলা চালাচ্ছে অ্যাস্যাঞ্জের সমর্থকরা

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জকে গ্রেপ্তারের প্রতিবাদে সুইডিশ কৌঁসুলি ও মাস্টারকার্ড ফার্মের বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে তার সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 05:22 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

লন্ডন, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জকে গ্রেপ্তারের প্রতিবাদে সুইডিশ কৌঁসুলি ও মাস্টারকার্ড ফার্মের বিভিন্ন ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়েছে তার সমর্থকরা। ক্রেডিট কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠান মাস্টারকার্ডের কর্পোরেট ওয়েবসাইটেও চড়াও হয় অ্যাস্যাঞ্জের সমর্থকরা। যুক্তরাষ্ট্রের কয়েক লাখ গোপন কূটনৈতিক নথি ফাঁস করে আলোচনার ঝড় তোলা ওয়েবসাইট উইকিলিক্সের প্রতিষ্ঠাতা অ্যাস্যাঞ্জ মঙ্গলবার লন্ডনে পুলিশের কাছে ধরা দেওয়ার পর ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে অ্যাস্যাঞ্জের জামিন নামঞ্জুর করে ব্রিটেনের আদালত। সুইডেনে যৌন অপরাধের অভিযোগে মঙ্গলবার তাকে সাত দিনের রিমান্ডেও নেওয়া হয়। এরপরই সুইডিশ কৌঁসুলির ওয়েবসাইটসহ অন্য সাইটে এ সাইবার হামলার ঘটনা ঘটলো। টুইটারে এক বার্তায় কোনোরকম সেন্সরশিপ ও গোপনীয়তাবিরোধী একটি দল জানিয়েছে, "ডব্লিউডব্লিউডব্লিউমাস্টারকার্ডডটকম বন্ধ হয়েছে। এটি নিশ্চিত।" তবে মাস্টারকার্ড বলেছে, তাদের কর্পোরেট ওয়েবসাইটগুলো সমস্যার মুখে পড়লেও মাস্টারকার্ড ডটকম সাইটটি এখনো ব্যবহারকারীদের জন্য খোলা রয়েছে। সুইডিশ বিচার কর্তৃপক্ষ জানিয়েছে, এ সাইবার হামলার কথা ইতোমধ্যে পুলিশকে জানানো হয়েছে। যৌন নিপীড়নের অভিযোগে অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুইডিশ কর্তৃপক্ষ। তবে সে অভিযোগ প্রত্যাখ্যান করে অ্যাস্যাঞ্জ বলে আসছেন, এ সব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। লন্ডন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, "অনৈতিক বলপ্রয়োগের একটি ধারা, যৌন নিপীড়নের দুইটি ধারা ও ধর্ষণের একটি ধারায় সুইডিশ কর্তৃপক্ষ অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এ অপরাধগুলোর সবকয়টি ২০১০ সালের অগাস্টে ঘটেছে।" মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অ্যাস্যাঞ্জকে গ্রেপ্তার করা হয়। ইরাক, আফগান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ গোপন নথি উইকিলিক্সের ওয়েবসাইটে প্রকাশ হলে বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে অন্য দেশগুলোর কাছে দুঃখপ্রকাশও করতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/এলকিউ/পিডি/২৩১৪ ঘ.