২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তিশালী ত্রিপক্ষীয় জোট গড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়ার আগ্রাসন রুখে দাঁড়াতে সিউল, টোকিও এবং ওয়াশিংটন মিলে শক্তিশালী ত্রিপক্ষীয় জোট গড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

সিউল, ডিসেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- উত্তর কোরিয়ার আগ্রাসন রুখে দাঁড়াতে সিউল, টোকিও এবং ওয়াশিংটন মিলে শক্তিশালী ত্রিপক্ষীয় জোট গড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা এডমিরাল মাইক মুলেন বুধবার এ আহ্বান জানানোর পাশাপাশি চীনকে উত্তর কোরিয়ার ওপর প্রভাব খাটানোর আহ্বান জানান। বুধবার উত্তর কোরিয়ার গোলা হামলার মহড়া চালানোর আলামতের মধ্যে সিউলে গেছেন যুক্তরাষ্ট্রের জয়েন্ট চীফস অব স্টাফ চেয়ারম্যান মুলেন। পিয়ংইয়ং এর কাছ থেকে আরো উস্কানিমূলক আচরণের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন তিনি। উত্তর কোরিয়াকে আবারো হামলা চালানো থেকে বিরত রাখতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আরো সামরিক মহড়া চালাতে একমত হয়েছেন মুলেন। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী বুধবার কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে উত্তর কোরিয়ার সামরিক মহড়া চালানোর কথা জানিয়েছে। দক্ষিণ কোরিয়া বলেছে, পশ্চিম উপকূলের বিতর্কিত জলসীমায় অনেকগুলো কামানের গোলা ছুড়েছে উত্তর কোরিয়া। নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবে উত্তর বুধবার এ মহড়া চালানো হয়ে থাকতে পারে বলে জানিয়েছে তারা। দক্ষিণ কোরিয়া এ মহড়াকে তেমন উদ্বেগের ব্যাপার বলে মনে না করলেও মুলেন বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে ভবিষ্যতে এ অঞ্চলে ত্রিপক্ষীয় শক্তির আরো সক্রিয় ব্যবস্থাই আশা করেন তিনি। তিনি বলেন, "এ ত্রিপক্ষীয় জোটে আমাদের প্রতিবেশীরা বিশেষ করে জাপান যতখানি সম্ভব অংশ নেবে বলেই আমি আশা করি।" সাংবাদিকদের তিনি বলেন, স্পষ্টতই এর লক্ষ্য হচ্ছে পুরোদস্তুর যুদ্ধ যাতে কখনোই না ঘটে সে ব্যবস্থা করা। তিনি আগামী দিনগুলোতে যৌথ সামরিক মহড়ার ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। তিনি বলেন, বিশ্বে নেতা আছে এবং নেতাদের অবশ্যই নেতৃত্ব দিতে হবে। বিশেষ করে সঙ্কট এবং অস্থিতিশীল কর্মকাণ্ড মোকাবেলায়। পিয়ংইয়ং এর নেতাদের কাছ থেকে যে ধরনের কর্মকাণ্ড আমরা দেখছি। চীন সম্পর্কে মুলেন সিউলে এক সাংবাদিক সম্মেলনে বলেন, তাদের খুব ভালো প্রভাব আছে। তাই এ ব্যাপারে তাদের গুরু দায়িত্ব আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৮২১ ঘ.