২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাত দিনের রিমান্ডে অ্যাস্যাঞ্জ

উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের জামিন নাকচ করেছে ব্রিটেনের আদালত। সুইডেনে যৌন অপরাধের অভিযোগে মঙ্গলবার তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 05:06 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

লন্ডন, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের জামিন নাকচ করেছে ব্রিটেনের আদালত। সুইডেনে যৌন অপরাধের অভিযোগে মঙ্গলবার তাকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ১৪ ডিসেম্বরে মামলার শুনানি হওয়ার আগ পর্যন্ত তাকে রিমান্ডে রাখা হবে। কথিত ধর্ষণের অভিযোগে করা মামলায় তাকে সুইডেনে খোঁজা হচ্ছে। লন্ডনে আদালতের এক শুনানিতে ঊর্ধ্বতন বিচারক হাওয়ার্ড রিডল বলেছেন, "জামিন মঞ্জুর করা হলে অ্যাস্যাঞ্জ পালিয়ে যেতে পারেন এমন মনে করার যথেষ্ট কারণ আছে।" যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন নথি ফাঁস করে দুনিয়াজুড়ে আলোচনার ঝড় তোলা উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাস্যাঞ্জ মঙ্গলবার লন্ডন পুলিশের কাছে ধরা দেওয়ার পর ইউরোপীয় গ্রেপ্তারি পরোয়ানার আওতায় তাকে গ্রেপ্তার করা হয়। যৌন নিপীড়নের অভিযোগে অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সুইডিশ কর্তৃপক্ষ। তবে সে অভিযোগ প্রত্যাখ্যান করে অ্যাস্যাঞ্জ বলে আসছেন, এ সব তার বিরুদ্ধে ষড়যন্ত্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস অ্যাস্যাঞ্জ গ্রেপ্তারের খবরকে স্বাগত জানিয়েছেন। লন্ডন পুলিশ মঙ্গলবার অ্যাস্যাঞ্জকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। তারা বলছে, সুইডেনের একটি গ্রেপ্তারি পরোয়ানায় উইকিলিক্সের প্রতিষ্ঠাতাকে গ্রেপ্তার করা হয়েছে। লন্ডন পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, "অনৈতিক বলপ্রয়োগের একটি ধারা, যৌন নিপীড়নের দুইটি ধারা ও ধর্ষণের একটি ধারায় সুইডিশ কর্তৃপক্ষ অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে অভিযোগ এনেছে। এ অপরাধগুলোর সবকয়টি ২০১০ সালের অগাস্টে ঘটেছে।" মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় অ্যাস্যাঞ্জকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়। ইরাক, আফগান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের লাখ লাখ গোপন নথি উইকিলিক্সের ওয়েবসাইটে প্রকাশ হলে বিপাকে পড়ে যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারিকে অন্য দেশগুলোর কাছে দুঃখও প্রকাশ করতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এমআই/এলকিউ/২২০৩ ঘ.