২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ সালে আফগানিস্তান ছাড়তে পারে ব্রিটিশ সেনারা

আগামী বছরের শুরুতেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করতে পারে ব্রিটেন। সোমবার আফগানিস্তানে অঘোষিত সফরে যাওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2010, 01:41 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

ক্যাম্প বাস্তিয়ন, আফগানিস্তান, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/ রয়টার্স)--- আগামী বছরের শুরুতেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করতে পারে ব্রিটেন। সোমবার আফগানিস্তানে অঘোষিত সফরে যাওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন একথা বলেছেন। গত মাসে লিসবনে ন্যাটো সম্মেলনে নেতারা ২০১৪ সালের মধ্যে আফগানিস্তানের নিরাপত্তাভার আফগান বাহিনীর হাতে হস্তান্তর করে যুদ্ধাভিযান শেষের সময়সীমা নির্ধারণ করেছেন। যদিও এ সময়সীমা ২০১৫ সাল পর্যন্ত গড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। তবে ক্যামেরন এবং চীফ অব ডিফেন্স স্টাফ জেনারেল ডেভিড রিচার্ডস উভয়ই আফগান সেনাবাহিনীর প্রশিক্ষণে অগ্রগতির চিত্র তুলে ধরেছেন। রিচার্ডস বলেন, পরিস্থিতির উন্নতি হওয়ায় সম্ভবত আগামী বছর থেকেই আমরা সেনা প্রত্যাহার শুরু করতে পারবো। পরিস্থিতি বিবেচনায় সেনা প্রত্যাহারের শর্ত থাকলেও প্রশিক্ষণের অগ্রগতি দেখার পর আমি আশাবাদী যে আমরা তা করতে পারবো। আফগানিস্তানে ব্রিটেনের ৯,৫০০ সেনা আছে। এর বেশিরভাগই মোতায়েন রয়েছে হেলমান্দ প্রদেশে। ২০০১ সাল থেকে এ পর্যন্ত কমপক্ষে ৩৪৬ জন ব্রিটিশ সেনা আফগানিস্তানে নিহত হয়েছে যাদের অধিকাংশই চলতি বছরে নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৮৫২ ঘ.