সিউল, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---আলোচনায় বসতে হলে উত্তর কোরিয়াকে তার 'উস্কানিমূলক' আচরণ বন্ধ করতে হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
মঙ্গলবার ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে
এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
হিলারি বলেন, পিয়ংইয়ংয়ের পরমাণু কর্মসূচি নিয়ে আবারো আলোচনা শুরুর পূর্বশর্ত উত্তর কোরিয়ার উস্কানিমূলক আচরণ বন্ধ করা।
২০০৯ সালের এপ্রিল থেকে এ আলোচনা বন্ধ রয়েছে।
দুই সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়ং দ্বীপে উত্তরের হামলায় দুই বেসামরিক নাগরিকসহ চারজন নিহত হয়। হামলার জবাবে পীত সাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালায় দক্ষিণ কোরিয়া।
হিলারি বলেন, "ছয় জাতির বৈঠককে ফলপ্রসূ করতে উত্তর কোরিয়াকে অবশ্যই কার্যকর উদ্যোগ নিতে হবে।
"উত্তর কোরিয়াকে অবশ্যই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়ন করতে হবে এবং তার উস্কানিমূলক আচরণ বন্ধ করতে হবে। আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাকে অবশ্যই পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকার বাস্তবায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে।", বলেন তিনি।
আঞ্চলিক কূটনৈতিক প্রচেষ্টাকে সফল করে ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় বেইজিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ওয়াশিংটন সেদিকে তাকিয়ে রয়েছে বলেও জানান হিলারি।
এর আগে কোরীয় উপদ্বীপে সৃষ্ট উত্তেজনা প্রশমনে যৌথ সামরিক মহড়ার বদলে আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানান চীনের প্রেসিডেন্ট হু জিনতাও।
ঠিকভাবে নিয়ন্ত্রণ করা না গেলে কোরীয় উপদ্বীপ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে হুঁশিয়ারি জানান তিনি।
ওদিকে, ২৩ নভেম্বর ইয়োনপিয়ং দ্বীপে গোলা হামলায় চার জন নিহত হওয়ার ঘটনায় উত্তর কোরিয়া যুদ্ধাপরাধ করেছে কিনা সোমবার তা খতিয়ে দেখার ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/১৪৩৬ ঘ.
bdnews24