২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'কোরিয়া উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে'

কোরিয়া উপদ্বীপে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে সোমবার একথা বলে সতর্ক করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2010, 02:27 PM

Updated : 25 Aug 2022, 07:45 PM

বেইজিং/সিউল, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- কোরিয়া উপদ্বীপে উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাকে সোমবার একথা বলে সতর্ক করে দিয়েছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও। দু'সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়ার দ্বীপে উত্তরের গোলা হামলার পর ওবামার সঙ্গে প্রথম ফোনালাপে জিনতাও এ সতর্কবার্তা দিলেন। উত্তর কোরিয়ার হুমকি-ধামকির মধ্যে দক্ষিণ কোরিয়া সোমবার গোলাগুলির মহড়া শুরুর পর ওবামার সঙ্গে এ ফোনালাপে হু বলেন, "পরিস্থিতি সঠিকভাবে সামাল দেওয়া না গেলে কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরো বেড়ে গিয়ে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।" তিনি আরো বলেন, "এ মুহূর্তে সবচেয়ে জরুরি কাজ হচ্ছে পরিস্থিতি ঠন্ডা মাথায় সামাল দেওয়া। আমাদের উত্তেজনা বাড়ানো নয় বরং কমানো দরকার, সংঘাত নয়; আলোচনা দরকার, যুদ্ধ নয়; শান্তি দরকার।" চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে একথা জানানো হয়েছে। এর মধ্য দিয়ে কোরিয়া উপদ্বীপে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে চীনা নেতাদের জরুরি কিছু করার তাগাদা প্রকাশ পেয়েছে। তাছাড়া, চীন মিত্রদেশ উত্তর কোরিয়ার পক্ষ নিতে চাইছে-- এমন দৃষ্টিভঙ্গিও বেইজিং এর মধ্য দিয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। উত্তর কোরিয়াকে বাগে আনতে আরো বেশি কিছু করার জন্য যুক্তরাষ্ট্রের চাপের মুখে আছে চীন। তাছাড়া, উত্তর কোরিয়ার গোলা হামলায় দক্ষিণ কোরিয়ায় ৪ জনের মৃত্যুতে চীন দুঃখ প্রকাশ করলেও পিয়ংইয়ংয়ের ওপর এ ঘটনার দায় চাপাতে দ্বিধা করছে বেইজিং। হোয়াইট হাউস বলেছে, উত্তর কোরিয়ার উস্কানি মেনে নেওয়া যায় না-- পিয়ংইয়ংকে একথা স্পষ্ট করে জনাতে ওবামা টেলিফোনে চীনকে যুক্তরাষ্ট্র ও অন্যান্যদের সঙ্গে একাট্টা হওয়ার আহ্বান জানিয়েছেন। ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়ার আলোচনায় চীনকে আমন্ত্রণ জানানো হয়নি। কিন্তু তারপরও কোরিয়া সংকট নিয়ে চীনের জরুরি আঞ্চলিক বৈঠকে বসার প্রস্তাব তিন দেশ আলোচনা করে দেখবে বলে মনে করা হচ্ছে। এ আলোচনার আগ মূহূর্তেই চীনের প্রেসিডেন্ট হু এর সঙ্গে ফোনালাপ করলেন ওবামা। বেইজিং এর সিঙ্গুয়া বিশ্ববিদ্যালয়ের চীন মার্কিন-সম্পর্ক কেন্দ্রের পরিচালক সান ঝে'র মতে, কোরিয়া সংকট নিয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া যে বেইজিং ও মস্কোর বিপক্ষে অবস্থান নেয়নি তা প্রতীয়মাণ করাই সম্ভবত এর উদ্দেশ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৭ ঘ.