আবিদজান, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে সৃষ্ট বিতর্ক নিরসনে মধ্যস্থতা করার জন্য রোববার আইভরি কোস্টে গেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট থাবো এমবেকি।
দশকব্যাপী সংঘাত অবসানের লক্ষ্যে গত রোববার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের পর নির্বাচন কমিশন প্রাথমিকভাবে আলাসানে ওয়াতারাকে বিজয়ী ঘোষণা করে। তবে ওই ফলাফল অবৈধ ঘোষণা করে বর্তমান প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবোর এক মিত্রর নেতৃত্বাধীন সাংবিধানিক পরিষদ।
এরপর শনিবার নতুন প্রেসিডেন্ট হিসেবে আলাদাভাবে শপথ নেন জিব্যাগবো এবং তার প্রতিপক্ষ আলাসানে ওয়াতারা। দুইজনের সঙ্গেই রোববার সাক্ষাৎ করার কথা রয়েছে এমবেকির।
একদিনের সফরেই এমবেকি সেখানে গেছেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার কর্মকর্তারা।
তবে রাজনৈতিক সংকট তীব্র হয়ে উঠতে থাকা আইভরি কোস্টে এমবেকির মধ্যস্থতায় রাতারাতি অচলবস্থা কেটে যাবে বলে আশা করছেন না পর্যবেক্ষকরা।
বিবিসি জানিয়েছে, জাতিসংঘ, আইএমএফ এবং যুক্তরাষ্ট্র ও ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশ ও আন্তর্জাতিক সংস্থা ওয়াতারাকে দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনের সত্যিকারের বিজয়ী হিসেবে সমর্থন দিচ্ছে।
ওই নির্বাচনের ফল নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় গত বৃহস্পতিবার দেশটির সীমান্ত বন্ধ করে দেয় সেনাবাহিনী। সেইসঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রবেশও নিষিদ্ধ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৫০৫ ঘ.
bdnews24