২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনে বিমান চলাচল শুরু

স্পেনে অনানুষ্ঠানিক ধর্মঘটে যাওয়া বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রকদের অধিকাংশই শনিবার জরুরি অবস্থা জারির পর কাজে যোগ দিয়েছে এবং বেশ কিছু ফ্লাইটও এদিন ছেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2010, 07:43 AM

Updated : 25 Aug 2022, 07:45 PM

মাদ্রিদ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্পেনে অনানুষ্ঠানিক ধর্মঘটে যাওয়া বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রকদের অধিকাংশই শনিবার জরুরি অবস্থা জারির পর কাজে যোগ দিয়েছে এবং বেশ কিছু ফ্লাইটও এদিন ছেড়েছে। কর্মঘণ্টা ও বেতন-ভাতা নিয়ে রাষ্ট্রচালিত বিমানবন্দর কর্তৃপক্ষ এইএনএ'র সঙ্গে বিরোধের জের ধরে শুক্রবার অসুস্থতার অজুহাত দেখিয়ে ২৯৬ জন বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকে। ওইদিন বিকালেই বিমান নিয়ন্ত্রণ টাওয়ারের দায়িত্ব নেয় সেনাবাহিনী। শনিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট অব্যাহত থাকায় ভোগান্তিতে পড়ে থাকে কয়েক লাখ যাত্রী। এরপর বিকালে জরুরি অবস্থা ঘোষণা করে বলা হয়, যেসব বিমান চলাচল নিয়ন্ত্রক কাজে যোগ দেবেন তারা আইন ভঙ্গ করবেন। কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার বিকাল নাগাদ বিমান চলাচল নিয়ন্ত্রকের মধ্যে ২৮৩ জনই কাজে যোগ দিয়েছেন। তবে ফ্লাইট চলাচল পুরোদমে শুরু হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেননা, অধিকাংশ এয়ারলাইন্সই রোববার সকাল পর্যন্ত তাদের সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। বিবিসি জানায়, বড়দিনের ছুটি কাটানোর প্রস্তুতি নেওয়ার সময়ে ডাকা এ ধর্মঘটে হাজার হাজার যাত্রী বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়ে। সেনাবাহিনীকে বিমান নিয়ন্ত্রণ টাওয়ারের দায়িত্ব দেওয়া হলেও প্রশিক্ষণ না থাকায় তারা বিমান চলাচল নিয়ন্ত্রণ করতে পারেনি। এমন প্রেক্ষাপটে ১৯৭৫ সালের পর প্রথমবারের মতো জরুরি অবস্থা ঘোষণা করে উপ-প্রধানমন্ত্রী আলফ্রেদো পেরেজ রুবালকাবা বলেন, "বিমান চলাচল নিয়ন্ত্রকরা "অগ্রহণযোগ্য সুযোগ-সুবিধা' রক্ষা করতে চাইছেন। বিমানবন্দরে অচলবস্থা না কাটায় সংবিধান অনুযায়ী সরকার জরুরি অবস্থা ঘোষণা করছে উল্লেখ করে রুবালকাবা বলেন, "বিমান চলাচল নিয়ন্ত্রকদের এখন কাজে যোগ দিতে বলা হচ্ছে। এ নির্দেশ উপেক্ষা করলে মিলিটারি পেনাল কোড অনুসারে তারা অভিযুক্ত হতে পারে। জরুরি অবস্থা প্রাথমিকভাবে ১৫ দিন বজায় থাকবে।" এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি বরদাশত করবো না। বড়দিনের ছুটির আগে ও পরে কোনো সমস্যা হবে না। এটা সরকারের প্রতিশ্রতি।" সম্প্রতি এইএনএ'র ৪৯ শতাংশ বিক্রি করে দেওয়ার পরিকল্পনা অনুমোদন করে সরকার। পাশাপাশি, বিমান চলাচল নিয়ন্ত্রকরা বছরের কত ঘণ্টা কাজ করবে সেই বিষয়টি নিয়ন্ত্রণ ও জরুরি অবস্থার সময় সেনাবাহিনী বিমান চলাচলের নিয়ন্ত্রণ নিতে পারবে বলে শুক্রবার এ সম্পর্কিত একটি আইন পাস করে স্পেন সরকার। এরই জেরে অনানুষ্ঠানিক ধর্মঘটে যায় বেসরকারি বিমান চলাচল নিয়ন্ত্রকরা। বিমান চলাচল নিয়ন্ত্রকদের সংগঠন ইউএসসিএ'র প্রধান ক্যামিলো চেলা রয়টার্সকে জানান, কর্মীরা ধর্মঘটে যায়নি। একে তিনি 'স্বতস্ফূর্ত বিদ্রোহ' বলে মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এমআই/১৩৩৯ ঘ.