ভারত, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ১৯৮৪ সালে ভোপালে গ্যাস দুর্ঘটনার জন্য দ্বিগুণ (১শ ১০ কোটি ডলার) ক্ষতিপূরণ দাবি করেছে ভারত।
১৯৮৯ সালের চুক্তি অনুযায়ী ওই দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ হিসাবে ধার্য ৪৭০ মিলিয়ন ডলার থেকে ১ দশমিক ১ বিলিয়ন ডলার বাড়ানোর দাবি জানিয়ে এটর্নি জেনারেলের কার্যালয় সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে।
ডিসেম্বর মাসে ভোপাল গ্যাস দুর্ঘটনার ২৬ তম বার্ষিকীতেই ক্ষতিপূরণ বাড়ানোর এ আবেদন জানালো ভারত।
১৯৮৪ সালের ডিসেম্বরে বহুজাতিক সংস্থা ইউনিয়ন কার্বাইড কারখানায় ভয়াবহ শিল্প দুর্ঘটনায় বিষাক্ত গ্যাস লিক হয়ে সরকারি হিসাবে ১৫ হাজার মানুষ মারা যায়। তাদের পরবর্তী প্রজন্মও নানা শারিরীক, মানসিক বৈকল্যের শিকার হয়ে দিন কাটাচ্ছে।
এ বছর জুনে ভোপাল গ্যাস দুর্ঘটনা মামলায় ওই শিল্পকারখানার ৭ জন সাবেক ম্যানেজারের জেল ও জরিমানার মতো মামুলি সাজা হওয়ার পর জনরোষ দেখা দেয়। এরপর সরকার ক্ষতিপূরণের অঙ্ক বাড়াতে কমিটি গঠন করে।
সূত্র: বিবিসি/ডয়চে ভেলে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৪ ঘ.
bdnews24