২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্ট নির্বাচন, সীমান্ত বন্ধ করেছে সেনাবাহিনী

আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনের ২য় দফা ভোটের ফল নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 10:58 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

আবিদজান, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনের ২য় দফা ভোটের ফল নিয়ে উত্তেজনা বাড়তে থাকায় দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছে সেনাবাহিনী। সেইসঙ্গে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে। আইভরি কোস্টে গত রোববার ২য় দফা ভোট হলেও ফল ঘোষণায় বিলম্ব নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বৃহস্পতিবার বিরোধীদলীয় প্রার্থী আলাসানে ওয়াতারাকে বিজয়ী করেছে নির্বাচন কমিশন। কিন্তু সাংবিধানিক পরিষদ এ ফল অবৈধ ঘোষণা করে তা প্রত্যাখ্যান করার পরই সীমান্ত বন্ধ করা হলো। সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করেই আইভরি কোস্টের আকাশ, সমুদ্র ও স্থল সব ধরনের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আইভরি কোস্টের সেনাবাহিনীর মুখপাত্র ববরি গোহৌরু বলেছেন, "সব ধরনের মানুষ চলাচল ও পণ্য পরিবহন বন্ধ রাখতে দেশের আকাশ, সমুদ্র ও স্থল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।" পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সীমান্ত বন্ধ থাকবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৬ ঘ.