স্টকহোম, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--- উকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে সুইডেন। আগের গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়ায় ভুল থাকায় এ নতুন পরোয়ানা জারি হলো।
যৗন নির্যাতনের মামলায় অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে ১৮ নভেম্বরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে স্টকহোমের জেলা আদালত।
পরে টাইমস পত্রিকা এক প্রতিবেদনে জানায় সুইডেন কর্তৃপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রক্রিয়ায় ভুল করেছে।
ব্রিটিশ পুলিশের একটি সূত্র দ্য টাইমসকে গ্রেপ্তারি পরোয়ানায় গলদ থাকার কথা জানায়। তবে সুইডেন জানায়, তাদের জন্য এ গ্রেপ্তারি পরোয়ানায় কোনো সমস্যা নেই। তারপরও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেয় তারা।
এরপরই নতুন একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে খবর পাওয়া যায়। ব্রিটেন অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা জারির অনুরোধ করেছে বলে জানায় সুইডেন।
সুইডিশ ন্যাশনাল পুলিশ বোর্ড এর এক মুখপাত্র বিবিসি কে বলেন, ব্রিটেনের 'মারাত্মক সংগঠিত অপরাধ' বিষয়ক সংস্থা একটি নতুন আদেশ জারির অনুরোধ জানিয়েছে।
কারণ, প্রথম গ্রেপ্তারি পরোয়ানায় সব ধরনের অপরাধের পরিবর্তে কেবলমাত্র সবচেয়ে মারাত্মক অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তির কথা বলা আছে।
যৌন নির্যাতনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানার বিরুদ্ধে ইতোমধ্যেই অ্যাস্যাঞ্জের আপিলের অনুমতি নাকচ করেছে আদালত।
সুইডিশ হাইকোর্টের কর্মকর্তা কার্সটিন নরম্যান এর আগের খবরে জানান, "আদালত অ্যাস্যাঞ্জের আপিলের আবেদন মঞ্জুর করেনি। ফলে আগের আদালতের আদেশই বহাল রয়েছে।"
তবে অ্যাস্যাঞ্জ এখন কোথায় আছেন, সে বিষয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, উইকিলিক্স প্রতিষ্ঠাতা এখন যুক্তরাজ্যে অবস্থান করছেন।
গ্রেপ্তারি পরোয়ানার মুখেও অ্যাস্যাঞ্জ বারবারই অভিযোগ অস্বীকার করে আসছেন।
এক সময়ের কম্পিউটার হ্যাকার অ্যাস্যাঞ্জ গত রোববার মার্কিন কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দেন। এর ফলে বিশ্বব্যাপী মার্কিন বিভিন্ন কর্মকাণ্ডের গোপন বিষয়াদি জনসমক্ষে চলে আসে। এসব ঘটনাই এ সময়ে সবচেয়ে আলোচিত ও সমালোচিত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৩ ঘ.
bdnews24