কারাকাস, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের চোখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ 'অনিষ্টকর অক্ষচক্র'র মানুষ।
কারাকাসে যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাঠানো গোপন বার্তা ফাঁস করে উইকিলিক্স একথা জানিয়েছে।
রোববার বিশ্বের বিভিন্ন দেশে দূতাবাসের সঙ্গে ওয়াশিংটনের বিনিময় করা আড়াই লাখ গোপন বার্তা প্রকাশ করে উইকিলিক্স।
অন্য একটি বার্তায় ইরানের সঙ্গে ভেনেজুয়েলার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে এবং দেশটিতে ইহুদিদের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের কথা জানা গেছে।
বুধবার উইকিলিক্সের ওয়েবসাইটে প্রকাশ করা একটি বার্তায় দেখা গেছে, ভেনেজুয়েলায় কিউবার ভূমিকা নিয়েও উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র।
কারাকাস থেকে পাঠানো একটি বার্তায় বলা হয়েছে, "যুক্তরাষ্ট্র বিরোধী ভেনেজুয়েলার গোয়েন্দা সংস্থাকে অনেক লাভজনক প্রস্তাব দেয় কিউবার গোয়েন্দা সংস্থা।"
ওই দুই দেশ সম্পর্কে বলতে গিয়ে কারাকাসে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলেন, "কিউবা ও ভেনেজুয়েলা অনিষ্টকর অক্ষচক্র।"
এর আগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসন উত্তর কোরিয়া, ইরান ও ইরাককে 'শয়তানের অক্ষচক্র' বলে অভিহিত করেছিলো।
গত ১২ বছর ধরে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে শ্যাভেজ কিউবার বিপ্লবী ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রো ও তার ভাই বর্তমান প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন।
ভেনেজুয়েলায় হাজার হাজার কিউবান ডাক্তার চিকিৎসা সেবা দেয়। আর বিনিময়ে কিউবাকে কম মূল্যে তেল সরবরাহ করে ভেনেজুয়েলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬১৪ ঘ.
bdnews24