সিউল, ডিসেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ায় গোলা হামলা চালানোর পর আন্তর্জাতিক প্রবল চাপের পরও উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক আগের মতোই আছে বলে পিয়ংইয়ংকে আশ্বস্ত করেছে চীন।
চীনের প্রধান সরকারি সংবাদপত্র 'পিপলস ডেইলি' বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ কথা জানা।
প্রতিবেদনে বলা হয়, বেইজিংয়ে সফররত উত্তর কোরিয়ার প্রতিনিধিকে দেশটির প্রধান আইনপ্রণেতা উ বাংগোউ বলেন, "আন্তর্জাতিক বিতর্কের পরও চীন ও উত্তর কোরিয়ার সম্পর্ক টিকে আছে এবং সময়ের সঙ্গে তা পরিবর্তিত ও পরিবর্ধিত হয়েছে।"
ওদিকে বুধবার দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা প্রধান জানিয়েছেন, উত্তর কোরিয়া আবারও দক্ষিণ কোরিয়ার ওপর হামলা চালানোর আশঙ্কা রয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান এডমিরাল মাইক মুলেন জানান, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার ওপর উত্তর কোরিয়ার হামলা এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
তবে চীন গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার হামলার জন্য পিয়ংইয়ংকে দোষারোপ করতে অস্বীকৃতি জানিয়েছে। ওই হামলায় বেশ কিছু বাড়িঘর বিধ্বস্ত হয়। এতে নিহত হন চারজন।
এছাড়া মার্চে দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজ 'চেওনান' ডুবানোর জন্যও উত্তর কোরিয়াকে দায়ী করতে অস্বীকৃতি জানিয়েছে চীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২১৩ঘ.
bdnews24