২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফাঁস করা তথ্যের উৎস জানে না উইকিলিকসের কর্মীরা

মার্কিন সেনা বাহিনীর হাতে আটক মার্কিন গোয়েন্দা বিশ্লেষকই উইকিলিকসের কাছে তথ্য ফাঁস করেছে কিনা এ ব্যাপারে ওয়েবসাইটটির কর্মীদের কোনোকিছু জানা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 05:37 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

লন্ডন, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সেনা বাহিনীর হাতে আটক মার্কিন গোয়েন্দা বিশ্লেষকই উইকিলিকসের কাছে তথ্য ফাঁস করেছে কিনা এ ব্যাপারে ওয়েবসাইটটির কর্মীদের কোনোকিছু জানা নেই। সোমবার ওয়েবসাইটটির এক মুখপাত্র একথা জানিয়েছে। উইকিলিকসের মুখপাত্র ক্রিস্টিন হার্ফসন জানান, তথ্য ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওয়াশিংটনের কাছে একটি নৌ ঘাঁটিতে আটক ২৩ বছর বয়সী ব্রাডলি ম্যানিং কে সহায়তার জন্য উইকিলিকস একটি তহবিল গঠন করবে। তবে আটক এ কর্মকর্তাকেই এ সপ্তাহে তথ্য ফাঁসের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে কিনা তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। হার্ফসন বলেন, "তার প্রতিরক্ষার জন্য উইকিলিকস বিশাল পরিমাণের অর্থ ব্যয় করতে যাচ্ছে। তবে সে ব্যক্তিই তথ্য ফাঁস করেছে কিনা তা আমিও জানি না।" লন্ডনে এক অনুষ্ঠানে আইসল্যান্ডের সাবেক এ সাংবাদিক আরো বলেন, "সে যদি সত্যিই ওই তথ্যগুলো ফাঁস করে থাকে তবে আমি বলবো সে একজন বীর।" এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আড়াই লাখেরও বেশি গোপন কূটনীতিক নথি ফাঁস করে দিয়ে পুরো বিশ্বে হৈচৈ ফেলে দিয়েছে ওয়েবসাইট উইকিলিকস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১৩১ঘ.