লন্ডন, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক-আফগান যুদ্ধ ও মার্কিন কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ ব্রিটেনে রয়েছেন।
পুলিশ তার অবস্থান সম্পর্কেও জানে। কিন্তু আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও তাকে আটক করা থেকে বিরত রয়েছে ব্রিটেনের পুলিশ। বৃহস্পতিবার দ্য ইন্ডিপেন্ডেন্ট সংবাদপত্র এ খবর জানিয়েছে।
গত অক্টোবরে ব্রিটেনে নেমে পুলিশের কাছে তার সঙ্গে সব ধরনের যোগাযোগের জন্য ঠিকানা ও নম্বর দিয়ে রেখেছেন অ্যাসাঞ্জ বলে জানিয়েছে সংবাদপত্রটি।
পুলিশসূত্রের উদ্ধৃতি দিয়ে ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, তারা (পুলিশ) জানে জুলিয়ান অ্যাস্যাঞ্জ কোথায় অবস্থান করছেন। তার টেলিফোন নম্বরও পুলিশের কাছে রয়েছে। সংবাদপত্রটি আরো যোগ করে জানিয়েছে, তাদের ধারণা অ্যাস্যাঞ্জ ইংল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থান করছেন।
এরআগে অ্যাস্যাঞ্জকে গ্রেফতারে সহযোগিতা করার জন্য মঙ্গলবার 'রেড নোটিশ' জারি করেছে ইন্টারপোল।
যৌন অপরাধ সংঘটনের অভিযোগে অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে সুইডেনেও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
তবে তিনি বারবারই যৌন অপরাধের অভিযোগ অস্বীকার করে আসছেন।
সাবেক কম্পিউটার হ্যাকার অ্যাস্যাঞ্জ গত রোববার মার্কিন কূটনীতি বিষয়ক আড়াইলাখ গোপন নথি ফাঁস করে দেন। এর ফলে বিশ্বব্যাপী মার্কিন বিভিন্ন কর্মকাণ্ডের গোপন বিষয়াদি জনসমক্ষে চলে আসে।
এতে বিশ্বনেতাদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের নির্দয় মূল্যায়ন প্রকাশ পেয়েছে। এসব ঘটনাই এ সময়ে সবচেয়ে আলোচিত ও সমালোচিত হচ্ছে।
গত অক্টোবরে অ্যাস্যাঞ্জ তার প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিকস-এর মাধ্যমে ইরাক যুদ্ধ সম্পর্কিত প্রায় ৪ লাখ গোপন মার্কিন নথি ফাঁস করে দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০০০ঘ.
bdnews24