তেহরান, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ছয় বিশ্বশক্তির সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার তারিখ ইরান গ্রহণ করেছে। ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সোমবার একথা জানিয়েছেন।
এর আগে রাশিয়ার 'আরআইএ' বার্তা সংস্থা মস্কোয় ইরানি রাষ্ট্রদূতের উদ্ধৃতি দিয়ে জানায়, ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হবে জেনেভায় ৫ ডিসেম্বরে।
রাষ্ট্রদূত রেজা সাজ্জাদির উদ্ধৃতি দিয়ে আরআইএ বলেছে, " আলোচনার দিন নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর। আর আলোচনাটি হবে জেনেভায়।"
ওদিকে, আহমাদিনেজাদ এক সংবাদ সম্মেলনে বলেছেন, আলোচনার জন্য দুটি তারিখের প্রস্তাব দেওয়া হয়েছিলো। সেখান থেকে ইরান একটি তারিখ বাছাই করেছে।
ওই তারিখে আলোচনায় বসতে ইরানের কোন আপত্তি নেই। তবে স্থানের বিষয়টি নিয়ে এখনো আলোচনা চলছে বলে জানান তিনি।
ছয় বিশ্ব শক্তি আশা করছে, আলোচনায় ইরানের বিতর্কিত পরমাণু ইস্যু প্রাধান্য পাবে। কিন্তু তেহরান জানিয়েছে, তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিয়ে কোনো আলোচনা হবে না।
আহমাদিনেজাদ বলেছেন, "ইরান পরমাণু সহযোগিতা নিয়ে আলোচনা করবে। কিন্তু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের আইনগত অধিকার। তাই এটি নিয়ে তারা কোন আলোচনায় যাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৪১ ঘ.
bdnews24