২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তন: তাপমাত্রা ৪ডিগ্রি সে. বাড়ার আশঙ্কা

জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিকর প্রভাবে বিশ্বের তাপমাত্রা ২০৬০ এর দশক নাগাদ ৪ ডিগ্রি সেলসিয়াস (৭ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট) বাড়তে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে কয়েকটি গবেষণায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

কানকুন, মেক্সিকো, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতিকর প্রভাবে বিশ্বের তাপমাত্রা ২০৬০ এর দশক নাগাদ ৪ ডিগ্রি সেলসিয়াস (৭ দশমিক ২ ডিগ্রি ফারেনহাইট) বাড়তে পারে। এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে কয়েকটি গবেষণায়। অনেক তরুণের জীবদ্দশায়ই এ পরিবর্তন হবে উল্লেখ করে গবেষণায় আরো বলা হয়েছে, ভবিষ্যতে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা ধরে রাখতে বছরে ২৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার প্রয়োজন পড়বে। মেক্সিকোর কানকুনে জলবায়ু সম্মেলনকে সামনে রেখে রোববার প্রকাশিত কয়েকটি গবেষণা প্রতিবেদনে একথা বলা হয়েছে। গত বছর কোপেনহেগেন সম্মেলনে ১৪০ টি দেশের সরকার বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে না দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। কিন্তু বর্তমান দশকে যে হারে গ্রিন হাউজ গ্যাস নির্গমন হচ্ছে তাতে বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখার লক্ষ্য পূরণ অত্যন্ত কঠিন এবং একরকম অসম্ভব। ফলে তাপমাত্রা দ্বিগুণ বেড়ে যাওয়ারই আশঙ্কা প্রকাশ করা হয়েছে গবেষণায় । 'ফিলোসোফিক্যাল ট্র্যানজেকশনস অব দ্য রয়াল সোসাইটি এ' ব্রিটিশ জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বিরূপ প্রভাবে বিশ্বের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমানো না গেলে এ শতাব্দিতেই তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাওয়াসহ বিশ্বের বহু অঞ্চলে দেখা দিতে পারে খাদ্য ও পানি সঙ্কট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৭ ঘ.