তেহরান, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরান ও আরব রাষ্ট্রগুলোর ওপর হুমকি মোকাবেলায় দু'পক্ষের মধ্যে ঐক্য জরুরি বলে মন্তব্য করেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল-হারিরি। রোববার ইরানি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
তিনদিনের সফরে ইরানে গেছেন লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি। এ সময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে লেবানন প্রতিরোধ চালিয়ে যাবে বলে জানান।
এর এক মাস আগে প্রথমবারের মতো ইরানি প্রেসিডেন্ট হিসেবে মাহমুদ আহমাদিনেজাদ লেবাননে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন।
রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আইআরআইবির ওয়েবসাইটের তথ্য অনুসারে সাদ হারিরি সাংবাদিকদের বলেন, "লেবাননের স্থিতিশীলতা, নিরাপত্তা ও ঐক্য দেশটির অভ্যন্তরীন ও আঞ্চলিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর এ কারণে আপনাদের (ইরান) প্রতিরক্ষামূলক সামরিক অর্জন দেখার জন্য আমি এখানে সফরে এসেছি।"
সেইসঙ্গে তিনি আরো বলেন, "লেবানন ইহুদি রাষ্ট্রের বিরুদ্ধে বিরুদ্ধে এখনো প্রতিরোধ চালিয়ে যাচ্ছে এবং তা অব্যাহত রাখবে।"
লেবাননের প্রধানমন্ত্রী আরো বলেন, "ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, ইরাক ও ইরান সব সময়ই বিপদের মধ্যে আছে। আর এ কারণেই আরব রাষ্ট্রগুলো ও ইরানের মধ্যে ঐক্য খুবই গুরুত্বপূর্ণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১১১৯ঘ.
bdnews24