পোর্ট-অ-প্রিন্স, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশৃঙ্খলা ও অব্যবস্থাপনার অভিযোগের মধ্যদিয়ে শেষ হয়েছে হাইতির প্রেসিডেন্ট নির্বাচন।
রোববার অনুষ্ঠিত ওই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ১৮ জনের মধ্যে ১২ জনই ব্যাপক জালিয়াতির অভিযোগ এনে নির্বাচন বাতিলের দাবি জানিয়েছেন।
এছাড়া ভোটগ্রহণে বিলম্ব ও সমস্যার কারণে রাজপথেও বিক্ষোভ করেছে মানুষ।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের এই অভিযোগের ফলে অভিযোগ জাতিসংঘ সমর্থিত হাইতির নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে।
এ নির্বাচনের মাধ্যমে ভূমিকম্প বিধ্বস্ত দেশটিতে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হবে বলে আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাশা করছিল।
অন্যদিকে সাংগঠনিক সমস্যার কারণে রাজধানী পোর্ট-অ-প্রিন্সে অনেক ভোটার ভোট দিতে না পারায় তা বিক্ষোভে রূপ নেয়। আর এ কারণে বিক্ষুব্ধ ভোটাররা কমপক্ষে একটি ভোটকেন্দ্রে ভাংচুর চালায়।
নির্বাচন বাতিলের দাবি জানানো ১২ প্রার্থী রাজধানী পোর্ট-অ-প্রিন্সে একটি হোটেলে সাংবাদিকদের কাছে দেওয়া এক বিবৃতিতে বলেন, "দেশজুড়ে নির্বাচনে কারচুপির নিন্দা জানাচ্ছি আমরা। এছাড়া এ নির্বাচন বাতিলেরও দাবি জানাচ্ছি।"
ওদিকে হাইতির প্রাদেশিক নির্বাচন পরিষদ (সিইপি) দেশের ১১ হাজারেরও বেশি ভোটকেন্দ্রের বেশিভাগেই সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে।
পরিষদের প্রেসিডেন্ট গেইলোট দোরসাইনভিল বলেন, "নির্বাচন নিয়ে সিইপি সন্তুষ্ট।"
১২ হাজারেরও বেশি জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সদস্য স্থানীয় পুলিশকে ভোটকেন্দ্রের নিরাপত্তায় সহযোগিতা করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১০৪৫ঘ.
bdnews24