২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটো আফগানিস্তান ছাড়লে গৃহযুদ্ধের আশঙ্কা কান্দাহারে

ন্যাটো পরিকল্পনামাফিক ২০১৪ সাল নাগাদ সেনা প্রত্যাহার করে নিলে আফগানিস্তান তালেবানদের কবলে চলে যাওয়াসহ গৃহযুদ্ধ দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কান্দাহারের অধিবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 04:08 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

কান্দাহার, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ন্যাটো পরিকল্পনামাফিক ২০১৪ সাল নাগাদ সেনা প্রত্যাহার করে নিলে আফগানিস্তান তালেবানদের কবলে চলে যাওয়াসহ গৃহযুদ্ধ দেখা দেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে কান্দাহারের অধিবাসীরা। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনী নিরবিচ্ছিন্নভাবে প্রশিক্ষণ ও লড়াইয়ের সাজ-সরঞ্জাম পেতে থাকলেও বিদেশি সেনারা চলে যাওয়ার পর এ বাহিনী ভেঙে পড়তে পারে। এমন আশঙ্কাই প্রকাশ করেছে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় নগরী কান্দাহারের আফগানরা। কান্দাহারের গভর্নর প্রাসাদের কর্মী পিদা মুহাম্মদ বলেছেন, "গৃহযুদ্ধ দেখা দেওয়ার সম্ভাবনা ১শ' ভাগ।" কারণ, আফগানদের নিজেদের মধ্যে ঐক্য নেই বলে জানান তিনি। উল্লেখ্য, কান্দাহারে তালেবানদের শক্ত ঘাঁটি। তাদের বিরুদ্ধে সেখানে লড়াই করছে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর ২৫ হাজার সেনা। এদের বেশির ভাগই মার্কিন সেনা। আর তাদের সঙ্গে আছে ১০ হাজার আফগান সেনা। গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে ৩০ হাজার বাড়তি সেনা পাঠানোর পর কান্দাহারের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২২০৩ ঘ.