২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরুন্ধতী রায়ের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ

ভারতের বুকার পুরস্কারপ্রাপ্ত লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে কাশ্মীর নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ তদন্তের জন্য শনিবার পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 11:05 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

নয়া দিল্লি, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের বুকার পুরস্কারপ্রাপ্ত লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে কাশ্মীর নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগ তদন্তের জন্য শনিবার পুলিশকে নির্দেশ দিয়েছে আদালত। কাশ্মীর নিয়ে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ রয়েছে অরুন্ধতীর বিরুদ্ধে। এ অভিযোগে তাকে বিচার করা হবে কিনা সে সিদ্ধান্ত নিতে এ তদন্তের নির্দেশ এলো। স্থানীয় একটি আদালতে এক আপীলে সুশীল পন্ডিত নামের এক সাধারণ নাগরিক অরুন্ধতীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ নয় এমন মন্তব্য করে তিনি সরকারের বিরুদ্ধে জনরোষ উস্কে দেওয়ার চেষ্টা করেছেন। গত মাসে নয়াদিল্লিতে একটি সেমিনারে অরুন্ধতী কাশ্মীর নিয়ে ওই মন্তব্য করেন। পন্ডিত সাংবাদিকদের বলেন, আদালত পুলিশকে যথাযথ অভিযোগনামা দাখিলকরাসহ অপরাধ তদন্ত করা এবং ৬ জানুয়ারির মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশদানের সিদ্ধান্ত নিয়েছে। আপীলকারীর আইনজীবী ও পুলিশ জানিয়েছে, কট্টরপন্থি কাশ্মীরী নেতা সৈয়দ আলী শাহ গিলানি ও অন্য আরো ৫ জনের পাশাপাশি ভারতের কাশ্মীর নীতির কট্টর সমালোচক অরুন্ধতীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত হবে। পুলিশ আদালতের কাছ থেকে বিষয়টি তদন্তের নির্দেশ পাওয়ার কথা নিশ্চিত করে জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৭ ঘ.