২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোট

আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফা ভোটগ্রহণ চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 07:48 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

আবিদজান, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফা ভোটগ্রহণ চলছে। এই ভোটাভুটিকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কা রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট লরা গবাগবো ও সাবেক প্রধানমন্ত্রী আলাসানে ওয়াত্তারা এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। চার সপ্তাহ আগে অনুষ্ঠিত প্রথম দফা ভোটে এ দুই প্রার্থীর কেউই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় এ ভোটাভুটি হচ্ছে। প্রথম দফায় গবাগবো ৩৮ শতাংশ এবং ওয়াত্তারা ৩২ শতাংশ ভোট পান। দ্বিতীয় দফা ভোটাভুটিতেও দু'জনের মধ্যে কঠিন লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন নেতৃত্ব গত এক দশকের রাজনৈতিক সঙ্কট কাটিয়ে উঠে দেশকে উত্তর ও দক্ষিণের বিভাজন থেকে মুক্ত করে আবার ঐক্যবদ্ধ করতে পারবে বলে আশা করা হচ্ছে। ২০০২ সালে দেশটির উত্তরাঞ্চলে বিদ্রোহ দেখা দিলে এই বিভাজন সৃষ্টি হয়। দেশটিতে গত পাঁচ বছরে প্রেসিডেন্ট নির্বাচন ছয় বার স্থগিত হয়। আইভরি কোস্টের রাজনৈতিক বিশ্লেষক গিলিস ইয়াবি জানান, দাবি আদায়ের জন্য দু'পক্ষের সমর্থকদেরই রাস্তায় নেমে সংঘর্ষে লিপ্ত হওয়ার ইতিহাস রয়েছে। তিনি বলেন, "সেজন্যই সহিংসতা হতে পারে বলে আমরা আশঙ্কা করছি।" শনিবার দেশটির প্রধান শহর আবিদজানে পুলিশের গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে বলে স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছে। নির্বাচনী সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত সাত জন মারা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/কেএমএস/১৩৩৯ ঘ.