ডাবলিন, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-আয়ারল্যান্ড সরকারের চার বছর মেয়াদি কঠোর ব্যয়সঙ্কোচ পরিকল্পনার বিরুদ্ধে ডাবলিনের রাজপথে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছে।
আয়ারল্যান্ড সরকার গত বুধবার চার বছরে এক হাজার পাঁচশ কোটি ইউরো ব্যয়সঙ্কোচন পরিকল্পনা প্রকাশ করে।
ধসে পড়া অর্থনীতি বিশেষ করে ব্যংকিং খাত সামাল দিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে উদ্ধার প্যাকেজের আওতায় তিন বছরের জন্য নয় হাজার ইউরো ঋণ নেওয়ার বিষয়টি চূড়ান্ত করার মুহূর্তে দেশটিতে এ বিক্ষোভ হচ্ছে।
ইইউ ও আইএমএফ'র কাছ থেকে উদ্ধার প্যাকেজ পাওয়ার পর ওই ব্যয় সংকোচ পরিকল্পনা কার্যকর হবে। ব্যয় সঙ্কোচের বাজেট আগামী ৭ ডিসেম্বর প্রকাশ করবে সরকার। ইইউ ও আইএমএফ'র কাছ থেকে নেওয়া ঋণের জন্য উচ্চহারে সুদ গুণতে হবে আয়ারল্যাণ্ডের মানুষকে।
সংকোচনের আওতায় সরকারি খাতে ব্যয় কমানোসহ কর বাড়ানো হবে, ছাঁটাই করা হবে হাজার হাজার সরকারি কর্মচারি। সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে শনিবার আয়ারল্যান্ডের ট্রেড ইউনিয়নগুলোর কংগ্রেসের (আইসিটিইউ) ডাকে বিক্ষোভ করছে জনতা। তবে ট্রেড ইউনিয়নগুলো শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার কথা বলেছে।
কিছু গোষ্ঠী সরকারের ব্যয়সঙ্কোচ পরিকল্পনাকে ভিন্ন খাতে নিয়ে সমস্যা সৃষ্টি করতে পারে বলে আগেই সতর্ক করেছিলো পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/২৩৩০ ঘ.
bdnews24