২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজারগুণ বদলা নেওয়ার হুমকি দ. কোরিয়ার

উত্তর কোরিয়ার গোলা হামলায় দুই নৌ সেনার মৃত্যুর হাজারগুণ শোধ নেওয়ার হুমকি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনীর কমান্ডার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

সিউল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উত্তর কোরিয়ার গোলা হামলায় দুই নৌ সেনার মৃত্যুর হাজারগুণ শোধ নেওয়ার হুমকি দিয়েছেন দক্ষিণ কোরিয়ার নৌ বাহিনীর কমান্ডার। সিউলে নিহত দুই সেনার শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিয়ে শনিবার তিনি এ হুমকি দেন। নৌ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইয়ু নাক জুন বলেন, "আজকের শোক ও ক্ষোভের কথা মনে রেখে যে কোনো মূল্যে এ দুই সেনা হত্যার বদলা নেবে নৌ সেনারা।" "আমাদের অস্থিমজ্জায় মিশে থাকা শত্র"তা ও আমাদের উন্মত্ততাকে এক করে উত্তর কোরিয়ার ওপর এর প্রতিশোধ নেবো আমরা।", বলেন তিনি। গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়ং দ্বীপে উত্তর কোরিয়া কামানের গোলা ছুড়লে দুই নৌ সেনাসহ চার জন নিহত হয়। দক্ষিণ কোরিয়ার সেনারাও গোলা ছুড়ে উত্তরের হামলার জবাব দেয়। এছাড়া রোববার থেকে পীত সাগরে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়ার সময় উত্তর কোরিয়া কোনো ধরনের উস্কানি দিলে তার শক্ত জবাব দেওয়ার জন্য মন্ত্রিসভা ও প্রতিরক্ষা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক। প্রেসিডেন্টের এক মুখপাত্র বাকের উদ্ধৃতি দিয়ে জানান, "উত্তর কোরিয়া অনাকাঙ্খিত কোনো কাজ করতে পারে। তাই তার সঠিক জবাব দিতে কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রস্তুতি নেবেন।" শেষকৃত্যানুষ্ঠানে নিহত সেনাদের সশস্ত্র অভিবাদন জানানো হয়। পরিবারের সদস্যসহ সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ তাদের প্রতি শ্রদ্ধা জানান। সেনাদের শেষকৃত্যানুষ্ঠানের এ দিনে সিউলে উত্তর কোরিয়া বিরোধী বিক্ষোভ করে জনতা। "এখন পদক্ষেপ নেওয়ার সময়। প্রতিশোধ নেওয়ার সময়। পিয়ংইয়ংয়ে প্রেসিডেন্ট প্রাসাদে হামলা করো।", শ্লোগান দেয় তারা। বিক্ষোভের কাছেই দক্ষিণের হাজারখানেক সাবেক নৌ সেনা উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইল ও তার ছেলে কিম জং উনের কুশপুত্তলিকা দাহ করেন। ওদিকে, কোরীয় উপদ্বীপে সৃষ্ট এ উত্তেজনার পরিপ্রেক্ষিতে আগামী বছর থেকে দুই হাজার ৭ শ' কোটি ডলার সামরিক ব্যয় বাড়ানোর ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। ভারী অস্ত্র, যুদ্ধবিমান কেনার পেছনে এই অর্থ ব্যয় করা হবে। অন্যদিকে, মার্কিন জয়েন্ট চিফস অব স্ট্যাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাক্সক্ষা এবং দেশটির নেতা কিম জং-ইল ধারণাতীতভাবে ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে। মুলেন বলেন, "এসব কিছু জানার পরও চীন কেন কঠোর অবস্থানে যাচ্ছে না?" তিনি আরো বলেন, "আমার মতে ওই ব্যক্তিকে (কিম) নিয়ন্ত্রণের জন্য (চীন) চেষ্টা করে, কিন্তু আমি নিশ্চিত নই তিনি (কিম) নিয়ন্ত্রণযোগ্য কিনা।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এএমটি/২০৩২ ঘ.