রিও ডি জেনিরো, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রাজিলের রিও ডি জেনিরোর উপশহরে মাদক চোরাচালান চক্রের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৪৬ জন নিহত হয়েছে।
শুক্রবার সবচেয়ে বড় বস্তিগুলোর একটিতে হামলা জোরদার করার জন্য ৮ শ' সেনা ও পুলিশ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে প্রস্তুতি নিয়েছে।
ওই বস্তিতে মাদক চোরাচালান চক্রের সদস্যরা বাংকারে আশ্রয় নিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গোলাগুলি চালিয়ে যাচ্ছে।
ছয়দিন ধরে চলমান এই সংঘর্ষে নিহতদের বেশির ভাগই মাদক চক্রের সদস্য।
মাদক চোরাচালানীদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে বৃহস্পতিবার থেকে ব্রাজিলের নৌসেনারা ভারী অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের সঙ্গে মাঠে নামে।
গত রোববার মাদক চক্রের সদস্যরা থানায় হামলা চালিয়ে পুলিশের গাড়ি জ্বালিয়ে দিলে এ সংঘর্ষ শুরু হয়।
রিও ডি জেনিরোর উত্তর দিকের ভিলা ক্রজিরো বস্তি মাদক চোরাকারবারিদের শক্ত ঘাঁটি হওয়ায় সেখানে অভিযান চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।
অন্তত ১০টি সামরিক যান অভিযানে ব্যবহার করা হচ্ছে। শহরের মধ্যে এ ধরনের অভিযানে এর আগে কখনো এসব সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়নি।
অভিযানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কর্নেল আলভারো রদ্রিগেজ বলেন, "মাদক চোরাচালানকারীদের কাছ থেকে এ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়াই আমাদের লক্ষ্য। মাদক ব্যবসার কেন্দ্র হিসেবে পরিচিতি থেকে আমরা সমাজকে মুক্ত করছি।"
২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ ব্রাজিল। রিও ডি জেনিরো দেশটির অন্যতম প্রধান ভেন্যু।
তাছাড়া ২০১৬ সালের অলিম্পিক গেমস আয়োজনেরও দায়িত্ব পেয়েছে ব্রাজিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এএইচ/১৭২১ঘ.
bdnews24