ইয়াঙ্গুন, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমার জান্তা সরকার এবং গৃহবন্দিত্ব থেকে সদ্য মুক্তি পাওয়া গ্রণতন্ত্রকামী নেত্রী অং সান সু চির সঙ্গে দেখা করতে এ সপ্তাহে মিয়ানমার সফরে যাচ্ছেন জাতিসংঘের এক শীর্ষ দূত।
কূটনীতিকরা শুক্রবার জানিয়েছেন, এ বছরের শুরুর দিকে জাতিসংঘে মিয়ানমারের বিশেষ দূত হিসেবে নিযুক্ত ভারতীয় কূটনীতিক বিজয় নামবিয়ার সু চির সঙ্গে দেখা করবেন।
সাত বছরের গৃহবন্দিত্ব থেকে সু চি ১৩ নভেম্বর মুক্তি পাওয়ার পর নামবিয়ারই সবচেয়ে উচ্চপদস্থ কূটনীতিক যিনি তার সঙ্গে দেখা করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, নামবিয়ার শিগগিরই দেখা করবেন। কিন্তু মিয়ানমার জান্তা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা মন্ত্রীরা তার সঙ্গে সাক্ষাৎ করতে প্রস্তুত কিনা তা তিনি জানাতে পারেননি।
ইয়াঙ্গুনের এক পশ্চিমা কূটনীতিক জানান, মিয়ানমারের শাসকগোষ্ঠী এ সপ্তাহ শেষে নামবিয়াকে সেদেশ সফরের অনুমতি দিয়েছে।
সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইয়ের কারণে সু চি গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই কোন না কোনভাবে গৃহবন্দি থেকেছেন।
সু চির মুক্তির পর থেকে তাকে অনেকটাই অবাধ স্বাধীনতা দিচ্ছেন মিয়ানমারের জেনারেলরা। জান্তা সরকারের এ পদক্ষেপ তাদের অভিপ্রায় সম্পর্কে সন্দেহের জন্ম দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০২১
bdnews24