লন্ডন, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- আফগান সরকারের সঙ্গে গোপন শান্তি আলোচনায় তালেবান কমান্ডারের ছদ্মবেশে এক ব্যক্তি অংশ নিয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষ তাকে পাঠিয়েছে এবং ব্রিটিশ গোয়েন্দারা তাকে অর্থসহায়তাও করেছে বলে অভিযোগ উঠেছে।
আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সহযোগী মোহম্মদ উমর দাউদজাই 'দ্য ওয়াশিংটন পোস্ট' পত্রিকায় অভিযোগ করে বলেছেন, ব্রিটিশ কূটনীতিকরা জুলাই বা আগস্টে কারজাইয়ের সঙ্গে বৈঠক করার জন্য ওই ভুয়া তালেবান কমান্ডারকে পাঠিয়েছে।
ন্যাটোর একটি বিমানে করে ঊর্ধ্বতন তালেবান কমান্ডার মোল্লা আখতার মোহাম্মদ মনসুর পরিচয়ে ওই ব্যক্তি কাবুলে শান্তি আলোচনায় অংশ নিতে যান।
কিন্তু তিনি আসলে তালেবান কমান্ডার নন বরং একজন পাকিস্তানি দোকানদার, ছোটখাটো তালেবান কমান্ডার কিংবা পাকিস্তানের সীমান্ত নগরী কোয়েটার কোনো সুযোগসন্ধানী বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইসিক্স আফগান সরকারের সঙ্গে তালেবানদের যোগাযোগ ঘটানোর ক্ষেত্রে ঐতিহাসিক অগ্রগতি অর্জনের বিশ্বাসে মনসুরকে এ বছর মে মাস থেকে অর্থ সহায়তা করে আসছে বলে শুক্রবার জানিয়েছে 'দ্য টাইমস' পত্রিকা।
ব্রিটিশ দূতাবাস খবরটি নিশ্চিতও করেনি অস্বীকারও করেনি।
মনসুর আফগান কর্মকর্তাদের সঙ্গে তিনবার বৈঠক করেছেন বলে জানা গেছে। ন্যাটো বাহিনীর বিমানে করে তিনি কাবুলে পৌঁছান।
কিন্তু আসল তালেবান কমান্ডার মোল্লা মনসুরকে চেনেন এমন একজন আফগান বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিটিকে চেনেন না বলার পরই তার সম্পর্কে সন্দেহ জাগে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৪ ঘ.
bdnews24