২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী কিম কোয়ান জিন

দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ এর সাবেক চেয়ারম্যান কিম কোয়ান জিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 05:09 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

সিউল, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- দক্ষিণ কোরিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ এর সাবেক চেয়ারম্যান কিম কোয়ান জিন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাক শুক্রবার ৬১ বছর বয়স্ক কিম কোয়ান জিনকে নিয়োগ দেন। এর আগে বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ে-ইয়ং পদত্যাগ করেন। দক্ষিণ কোরীয় দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলার ঠিক দুইদিন পর কিম তায়ে-ইয়ং পদত্যাগ করেন। উত্তর কোরিয়ার হামলার জবাব দিতে দক্ষিণ কোরিয়ার ধীরগতি নিয়ে সমালোচনার মুখেই তার এ পদত্যাগ। ওই হামলার প্রথম রাজনৈতিক শিকার হলেন কিম তায়ে-ইয়ং। পদত্যাগের পরদিন শুক্রবারই প্রেসিডেন্ট নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সামরিক বাহিনীর সাবেক প্রধান জিন কে নিয়োগ দিলেন। প্রেসিডেন্টের কার্যালয়ের এক কর্মকর্তা বলেছেন, সামরিক পরিস্থিতির ভালোর জন্য এবং এ ধরনের আরো হামলার ঘটনা সামাল দেওয়ার কথা বিবেচনা করে প্রেসিডেন্ট লি মায়ুং বাক প্রতিরক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মার্চে উত্তরের টর্পেডো হামলায় দক্ষিণ কোরিয়ার নৌ-জাহাজ চেওনান ডুবির পরও কিম মে মাসে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। কিন্তু তখন প্রেসিডেন্ট লি তাকে পদত্যাগ না করার অনুরোধ জানান। চেওনান এ হামলায় ৪৬ জন নাবিক প্রাণ হারায়। ওই হামলার জন্য দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়াকে দায়ী করেছে। প্রেসিডেন্ট লি'র নিজ দল ও বিরোধীদলীয় আইনপ্রণেতাদের অভিযোগ, উত্তরের হামলার জবাব দিতে দক্ষিণের সেনাবাহিনীর অত্যন্ত দেরী করেছে। এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে চীন উত্তর ও দক্ষিণ কোরিয়াকে আত্মসংবরণের আহ্বান জানিয়েছে। পাশাপাশি, রোববার থেকে দক্ষিণ কোরিয়া-যুক্তরাষ্ট্র যৌথ নৌমহড়া শুরু করতে যাচ্ছে। এতে এই অঞ্চলে আরো উত্তেজনার আশঙ্কা করছে চীন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৩৮ ঘ.