২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে সেনা বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া

উত্তর কোরীয় সীমান্তের কাছে সেনা বৃদ্ধির নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 08:16 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

সিউল, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তর কোরীয় সীমান্তের কাছে সেনা বৃদ্ধির নির্দেশ দিয়েছে দক্ষিণ কোরিয়া। এর আগে উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়া আবারো উস্কানিমূলক সামরিক তৎপরতা চালালে কোনো ছাড় না দিয়ে হামলা চালানো হবে। উত্তর কোরিয়ার হামলায় যে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তা কীভাবে পূরণ যায় এবং নিরাপত্তা বাড়ানোর বিষয় নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক বৃহস্পতিবার সকালে এক জরুরি বৈঠক করেন। বৈঠকের পর প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, দুই কোরিয়ার সীমান্তবর্তী জলসীমার কাছে পীত সাগরে সেনা সমাবেশ বাড়ানো হবে এবং সেখানে নৌ সেনা কমানোর ব্যাপারে আগের সিদ্ধান্ত বাতিল করা হবে। তাছাড়া উত্তেজনা কমাতে পিয়ংইয়ংয়ের ওপর বেইজিংয়ের প্রভাবকে কাজে লাগানোর লক্ষ্যে চীনের সঙ্গে দক্ষিণ কোরিয়া নিবিড় সম্পর্ক গড়ে তুলবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। ওদিকে, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ সামরিক বাহিনীর এক বিবৃতির বরাত দিয়ে জানায়, "দক্ষিণ কোরিয়ার যুদ্ধবাজরা আবারো সামরিক উস্কানিমূলক কর্মকাণ্ড চালালে উত্তর কোরিয়া কোনো দ্বিধা না করেই দ্বিতীয় দফায়, এমনকি তৃতীয় দফায় হামলা চালাবে।" মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়া দুশ' গোলাবর্ষণ করে। ওই ঘটনায় দক্ষিণ কোরিয়ার দুই নৌসেনাসহ চারজন নিহত হয়। উত্তর কোরিয়ার এ গোলা হামলার পাল্টা জবাবে দক্ষিণ কোরিয়াও ৮০ টি গোলা ছোঁড়ে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং ইল এ গোলা হামলার নির্দেশ দিয়েছেন বলে দক্ষিণের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সিউলের সংবাদপত্রে বলা হয়েছে, দক্ষিণের দ্বীপে গোলা হামলার মাত্র কয়েক ঘণ্টা আগে সে সেনা ঘাঁটি সফর করেছিলেন কিম জং ইল ও দেশটির ভবিষ্যৎ নেতা ইলের ছেলে কিম জং আন। নাম প্রকাশ না করে চোসান ইলবো পত্রিকা দক্ষিণ কোরিয়ার সংসদে জাতীয় প্রতিরক্ষা কমিটির এক সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, "উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও তার ছেলে ইয়নপিয়ংয়ে গোলা হামলার অনুমতি দিয়েছিলেন কিনা সে বিষয়য়ের ওপর গুরুত্ব দিচ্ছে সেনাবাহিনী।" ১৯৫৩ সালে শেষ হওয়া কোরীয় যুদ্ধের পর দুই কোরিয়ার মধ্যে এটিই সবচেয়ে মারাত্মক গোলা বিনিময়ের ঘটনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/কেএমএস/সিআর/এএইচ/সিআর/১৪১২ঘ.