২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যাম্বোডিয়ায় জাতীয় শোক দিবস

ক্যাম্বোডিয়ায় বার্ষিক পানি উৎসবে নিহতদের স্মরণে বৃহস্পতিবার জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 03:48 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্বোডিয়ায় বার্ষিক পানি উৎসবে নিহতদের স্মরণে বৃহস্পতিবার জাতীয় শোক দিবস পালিত হচ্ছে। বিবিসি ও এএফপি এ খবর জানিয়েছে। গত সোমবার রাজধানী নমপেনে পানি উৎসবের সময় এক সেতুতে হুড়োহুড়িতে পদদলিত হয়ে অন্তত ৩৫০ জনের মৃত্যু হয়। যে সেতুর ওপর ওই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিলো বৃহস্পতিবার সেখানে দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের নেতৃত্বে নিহতদের আত্মীয়-স্বজন শোক অনুষ্ঠান পালন করছেন। বুধবার দেশজুড়ে নিহতদের স্মরণে প্রথম অন্ত্যেষ্টিক্রিয়ার আচার পালিত হয়েছে। দুর্ঘটনাস্থলে নিহতদের স্মরণে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী হুন সেন। দুর্ঘটনার পরপরই হুন সেন ঘটনা তদন্তের নির্দেশ দেন। পাশাপাশি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান। তবে নিহতদের আত্মীয়-স্বজন এ ঘটনায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। বোনের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে আসা পেহচান্নারা ক্ষোভ প্রকাশ করে বলেন, "আমি বিস্মিত হচ্ছি, পুলিশ সত্যিই তাদের দায়িত্ব পালন করেছে কিনা।" সেতুতে এতো মানুষ জড়ো হওয়ার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "তারা কীভাবে এটি ঘটতে দিল?" দুর্ঘটনার প্রাথমিক তদন্তে জানা গেছে, আতঙ্কের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তদন্তকারী দলের প্রধান প্র"ম শোকা বলেন, "সেতুটি ভেঙ্গে পড়ছে বলে কেউ কেউ আতঙ্কে চিৎকার দিয়ে ওঠে। সেইসঙ্গে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে লোহার ক্যাবলগুলো থেকে বিদ্যুৎ স্ফূলিঙ্গ তৈরি হতে থাকে। এর কারণে হুড়োহুড়ি শুরু হলে অনেকে পদদলিত হন।" নিহতদের মধ্যে দুশ' ৪০জনই নারী। তিনদিনব্যাপী বার্ষিক পানি উৎসবের শেষদিন ছিল সোমবার। ক্যাম্বোডিয়ার মোট অধিবাসী এক কোটি ৪০ লাখের মধ্যে অন্তত ৫০ লাখ মানুষ এই উৎসবে অংশ নিতে দেশটির রাজধানী নমপেনে আসেন। পানি উৎসবে উদযাপন ও কনসার্ট দেখতে নমপেনের ওই সেতুতে জড়ো সাত থেকে আট হাজার মানুষ। ওই সময় কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সেখানে হুড়োহুড়ি শুরু। নিহতদের বেশির ভাগ পালাতে গিয়ে পদদলিত হয়ে, ভিড়ের চাপে শ্বাসরুদ্ধ হয়ে কিংবা পানিতে ডুবে মারা যান। এ মর্মান্তিক দুর্ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী হুন সেন। ক্যাম্বোডিয়ায় ১৯৭০'র দশকে খেমাররুজ নেতা পল পটের শাসনামলের পর এটিই গত ৩১ বছরের মধ্যে সবচেয়ে বড় দুর্ঘটনা। ১৯৭৫-৭৯ সাল পর্যন্ত পল পটের শাসনামলে দেশটিতে প্রায় ১৭ লাখ মানুষকে হত্যা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০৯ ঘ.