ডাবলিন, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আয়ারল্যান্ড সরকার বুধবার চার বছর মেয়াদে ১৫ বিলিয়ন ইউরো (১২ দশমিক ৭ বিলিয়ন পাউন্ড) ব্যয়সঙ্কোচন পরিকল্পনা প্রকাশ করেছে।
ব্যাংকিং সঙ্কট কাটাতে এবং ইইউ ও আইএমএফ'র উদ্ধার তহবিলের শর্ত পূরণে এ পরিকল্পনা নিয়েছে আয়ারল্যান্ড।
এর আওতায় সরকারের ব্যয় বহুলাংশে হ্রাস করাসহ ট্যাক্স বাড়ানো হবে, ছাঁটাই করা হবে হাজার হাজার সরকারি কর্মচারি।
তাছাড়া, ২০১৩ সাল থেকে ভ্যাট বাড়ানো ছাড়াও ২০১৪ সাল নাগাদ সমাজকল্যাণ খাতে ২ দশমিক ৮ বিলিয়ন ইউরো সঞ্চয়েরও চেষ্টা চলবে।
ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে অর্থসহায়তার প্রয়োজন নেই বলার পরও শেষ পর্যন্ত তা নিতেই হয়েছে আয়ারল্যান্ডকে।
ইইউ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর কাছ থেকে আয়ারল্যান্ড সোমবার তিন বছরের জন্য 'বেইল আউট প্যাকেজ' বা ঋণ নিতে রাজি হয়েছে।
এ ঋণ নিয়ে তাদেরকে ধসে পড়া অর্থনীতি বিশেষ করে ব্যংকিং খাত সামাল দিতে হবে। আর এ ঋণ পরিশোধে তাদেরকে বাস্তবায়ন করতে হবে এ কঠোর ব্যয়সঙ্কোচন পরিকল্পনা।
মোট ৮০ থেকে ৯০ বিলিয়ন ইউরো ঋণ পেতে পারে আয়ারল্যান্ড। ইইউ ও আইএমএফ এর সঙ্গে আলোচনা করে ডাবলিন এ ঋণ নিতে রাজি হয়েছে।
ইউরোজোনের মন্ত্রীরা আয়ারল্যান্ডের জন্য অর্থসহায়তা অুমোদন করার পর অস্ট্রিয়ার অর্থমন্ত্রী জোসেফ প্রয়েল সোমবার বলেন, "আয়ারল্যান্ডকে সাহায্য করা জরুরি। তা নাহলে গোটা ইউরোজোন বিপদে পড়বে।"
আয়ারল্যান্ড অর্থসহায়তা নিতে রাজি হওয়ার পরপরই দেশে চার বছরের এ বাজেট পরিকল্পনা করার কথা জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২৩৯ ঘ.
bdnews24