২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে ব্যয়সঙ্কোচন পদক্ষেপের বিরুদ্ধে ধর্মঘট

পর্তুগালে সরকারের ব্যয়সঙ্কোচন পদক্ষেপের প্রতিবাদে বুধবার ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। ২০ বছরের মধ্যে পর্তুগালে সব ইউনিয়ন শ্রমিকদের অংশগ্রহণে এটিই প্রথম ধর্মঘট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 12:25 PM

Updated : 25 Aug 2022, 07:40 PM

লিসবন, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পর্তুগালে সরকারের ব্যয়সঙ্কোচন পদক্ষেপের প্রতিবাদে বুধবার ধর্মঘট শুরু করেছে শ্রমিকরা। ২০ বছরের মধ্যে পর্তুগালে সব ইউনিয়ন শ্রমিকদের অংশগ্রহণে এটিই প্রথম ধর্মঘট। ধর্মঘটে অচল হয়ে পড়েছে বিমানবন্দর, রেলস্টেশন থেকে শুরু করে স্বাস্থ্য সেবা এমনকি ব্যাংকিং ব্যবস্থাও। ইউরোজেনের দেশগুলোতে অর্থনৈতিক দুর্দশার যে হাওয়া লেগেছে তা থেকে বাঁচতেই ব্যয়সঙ্কোচনের পদক্ষেপ নিচ্ছে পর্তুগাল সরকার। আয়ারল্যান্ড এবং স্পেনের মতো অবস্থায় না পৌঁছলেও পর্তুগালে কয়েকবছর ধরেই অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি ধীর। এ বছর পর্তুগালের অর্থনীতি কিছুটা চাঙ্গা হতে শুরু করলেও অর্থনীতিবিদদের ধারণা ২০১১ সালে দেশটি আবারো মন্দাদশায় ফিরে যেতে পারে। পর্তুগালে ইতোমধ্যেই বেকারত্ব বেড়েছে এবং তা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আয়ারল্যান্ডের পর পর্তুগালকেও ইইউর অর্থনীতি পুনরুদ্ধার তহবিল নিতে হতে পারে এমন জল্পনা দূর করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে দেশটি। তাছাড়া, আয়ারল্যান্ডের অর্থনৈতিক দুর্দশার প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের নজর এখন পর্তুগালের দিকে। সেদিক থেকেও দেশের অর্থনীতির ওপর আস্থা ধরে রাখার চাপে আছে পর্তুগাল। কর বাড়ানো, সরকারি ব্যয় হ্রাস ও মজুরি হ্রাসের মতো ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নিয়ে এ আস্থা ধরে রাখার চেষ্টা করছে পর্তুগাল সরকার। কিন্তু সরকারের এ সমস্ত পদক্ষেপে ক্ষুব্ধ হয়েই ধর্মঘট শুরু করার কথা জানিয়েছে শ্রমিক ইউনিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮২২ ঘ.