নিউ ইয়র্ক, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি ধারা অব্যাহত থাকলে ২০২০ সাল নাগাদ যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি নাগরিক ডায়বেটিসে আক্রান্ত হবে কিংবা ডায়বেটিসজনিত সমস্যায় ভুগবে। আর এর ফলে এক দশকে স্বাস্থ্যসেবা খাতে ব্যয় দাঁড়াবে ৩ দশমিক ৩৫ ট্রিলিয়ন ডলার।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বীমা 'ইউনাইটেড হেলথ কেয়ার গ্র"প ইনকর্পোরেশন' প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
'দ্য ইউনাইটেড স্টেটস অফ ডায়বেটিস: চ্যালেঞ্জ অ্যান্ড অপরচুনিটি ইন দ্য ডিকেড এহেড' নামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, এ দশকের শেষ পর্যন্ত ডায়বেটিস ও ডায়বেটিস সম্পৃক্ত রোগে স্বাস্থ্যসেবা খাতের ১০ শতাংশ ব্যয় হবে। যার পরিমাণ প্রায় ৫ শ' বিলিয়ন মার্কিন ডলার।
আর চলতি বছরেই ব্যয় হবে ১৯৪ বিলিয়ন মার্কিন ডলার।
ইউনাইটেড হেলথ কেয়ারের ১০ মিলিয়ন সদস্য ও নথিপত্র থেকে দেখা যায়, ২০০৯ সালে একজন ডায়বেটিস রোগীর চিকিৎসার পেছনে গড়ে ১১ হাজার ৭শ' মার্কিন ডলার ব্যয় হয়েছে।
অপরদিকে ডায়বেটিস নেই এমন একজন মানুষের পেছনে ব্যয় হয়েছে ৪ হাজার ৪শ' মার্কিন ডলার।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, ডায়বেটিস সম্পৃক্ত জটিলতায় বার্ষিক এ খরচ ২০ হাজার ৭ শ' মার্কিন ডলার পর্যন্ত হতে পারে।
এখানে জটিলতা হিসেবে হৃদরোগ, কিডনি রোগ, স্নায়ুর ক্ষয়, অন্ধত্বসহ অন্যান্য রোগকে বোঝানো হয়েছে যা পুরোপুরি নিরাময়যোগ্য নয়।
ডায়বেটিস যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান রোগের একটি। বর্তমানে এতে প্রায় ২ কোটি ৬০ লাখ মার্কিন নাগরিক আক্রান্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫২২ঘ.
bdnews24