২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইলিয়ামের বিয়ে ২৯ এপ্রিল

ব্রিটেনের প্রিন্স উইলিয়াম আগামী বছর ২৯ শে এপ্রিল শুক্রবার লন্ডনের ওয়েস্টমিন্সটার এ্যাবেতে তার বাগদত্তা কেট মিডলটোনকে বিয়ে করবেন। তার কার্যালয় মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 03:11 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

লন্ডন, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটেনের প্রিন্স উইলিয়াম আগামী বছর ২৯ শে এপ্রিল শুক্রবার লন্ডনের ওয়েস্টমিন্সটার এ্যাবেতে তার বাগদত্তা কেট মিডলটোনকে বিয়ে করবেন। তার কার্যালয় মঙ্গলবার একথা জানিয়েছে। ওদিকে, এপি'র খবর, উইলিয়ামের বিয়ে নিয়ে 'আক্রমণাত্মক' মন্তব্য করায় বরখাস্ত হয়েছেন পেট ব্রডবেন্ট নামের এক ব্রিটিশ বিশপ। উইলিয়াম প্রিন্স চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়নার ছেলে। গত সপ্তাহে দীর্ঘদিনের বান্ধবী মিডলটোনের সঙ্গে বাগদানের ঘোষণা দিয়েছেন উইলিয়াম। তাদের বিয়ে নিয়ে টুইটার ও ফেসবুকে বিশপ ব্রডবেন্ট মন্তব্য করেছিলেন, উইলিয়াম ও কেটের বিয়ে সাত বছর টিকবে। তাছাড়া এ জুটিকে অন্তঃসারশূণ্য বলেও মন্তব্য করেন তিনি। ব্রিটিশ সংবাদপত্র এ মন্তব্য প্রকাশ করার পর উইলিয়াম ও মিডলটোনের কাছে ক্ষমাও চান ওই বিশপ। কিন্তু তারপরও তাকে বরখাস্ত করার কথা জানিয়েছেন লন্ডনের বিশপ রিচার্ড চার্টেস। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন উইলিয়াম ও কেটের বিয়ের দিন সরকারী ছুটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন। অন্যদিকে, উইলিয়ামের প্রাইভেট সেক্রেটারি জামিই লোদার-পিনকারটোন বলেছেন, আমরা জানি, ২০১১ সালের ২৯ এপ্রিল দিনটি সারা বিশ্ব অবলোকন করবে। বিয়ের স্থান হিসাবে ওয়েস্টমিন্সটার অ্যাবেকে বেছে নেওয়ার কারণ হিসাবে তিনি জানান, রাজপরিবারের অনেক স্মৃতিবিজড়িত স্থান এটি। এখানে রানি এলিজাবেথের বিয়ে হয়েছিলো। আর ১৯৯৭ সালে উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানার শেষকৃত্যও হয়েছিলো এখানেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৫ ঘ.