২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিকম নিয়ে সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখোমুখি মনমোহন

ভারতে টেলিকম কেলেঙ্কারি সামাল দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 12:56 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

নয়াদিল্লি, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতে টেলিকম কেলেঙ্কারি সামাল দিতে সরকারের ব্যর্থতার অভিযোগ নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। টেলিকম কেলেঙ্কারির পরিপূর্ণ তদন্তের বিরোধীদলীয় দাবির মুখে পার্লামেন্টে অচলাবস্থার মধ্যেই এ জবাবদিহিতার সম্মুখীন হতে হয়েছে তাকে। বরখাস্ত টেলিযোগাযোগমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করার আবেদনের ব্যাপারে সিদ্ধান্ত জানাতে প্রধানমন্ত্রী ১৬ মাস সময় নিলেন কেনো তার কাছে এর ব্যাখ্যা চেয়েছে কোর্ট। মনমোহন শেষ পর্যন্ত বিরোধীদলের ঊর্ধ্বতন আইনপ্রণেতার এ আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত নেন। আদালত মঙ্গলবার সকাল সাড়ে এগারোটায় মনমোহন সিং এর প্রতিনিধির যুক্তিতর্কের শুনানি শুরু করে। মনমোহন নিজে আদালতে উপস্থিত ছিলেন না। বিচারকদের পক্ষ থেকে কোনোরকম গুরুতর সমালোচনাই প্রধানমন্ত্রী পদ টিকিয়ে রাখতে মনমোহনের জন্য কঠিন হয়ে দাঁড়াবে বলে মনে করা হচ্ছে। টেলিকম ইস্যু নিয়ে জোট সরকারের পতনের কোনো সম্ভাবনা না থাকলেও এতে করে পার্লামেন্টে সরকারের অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা পাশ করানোর সম্ভাবনা স্তিমিত হয়ে পড়েছে। টেলিকম লাইসেন্স সুলভ মূল্যে বিক্রি করা নিয়ে সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী আন্ডিমুথু রাজার কেলেঙ্কারি তদন্তে সংসদীয় কমিটি গঠনের দাবিতে নভেম্বরের শুরু থেকে বিরোধী দল পার্লামেন্ট অচল করে রেখেছে। সোমবার পার্লামেন্ট সচল করার চেষ্টায় অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকও ব্যর্থ হয়েছে। কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার বিরোধীদলের দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য হচ্ছে, এ ব্যাপারে পৃথক তদন্ত চলছে। তাই আর কোন তদন্তের প্রয়োজন নেই। ওদিকে, ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী সুষমা স্বরাজ সাংবাদিকদের বলেছেন, "আমরা সরকারকে বলেছি তারা আমাদের দাবি মেনে নিলে আমরা দ্রুত অচলাবস্থার অবসান ঘটাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৪৮ ঘ.