ডাবলিন, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জানুয়ারিতে সংসদ ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচনের পথ করে দেবেন বলে ঘোষণা দিয়েছেন আইরিশ প্রধানমন্ত্রী ব্রায়ান কওয়েন। অবশ্য এই পদক্ষেপ গ্রহণের ব্যাপারে একটি শর্ত জুড়ে দিয়েছেন তিনি।
আয়ারল্যান্ডের সংসদ সরকার পরিকল্পিত বাজেট অনুমোদন করলেই কেবল তিনি আগাম নির্বাচনের পদক্ষেপ নেবেন।
বাজেট পাসের দুই সপ্তাহ আগে এ পরিস্থিতির উদ্ভব হওয়ায় দেশটিতে রাজনৈতিক উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
ডিসেম্বরের ৭ তারিখ আয়ারল্যান্ডে ২০১১ সালের বাজেট পাস হওয়ার কথা।
এর আগে সোমবার সঙ্কটে পড়া আয়ারল্যান্ড অর্থনীতিকে চাঙ্গা করতে বিপুল অর্থসহায়তা নেওয়া এবং কঠোর কৃচ্ছতা পরিকল্পনার আভাস দেওয়ার পরপরই অবিলম্বে সাধারণ নির্বাচন দেওয়ার আহ্বান জানায় জোট সরকারের শরিক দল গ্রিন পার্টি।
আয়ারল্যান্ড রোববার দেশের ব্যাংকিং খাত সামাল দিতে ইইউ-আইএমএফ এর কাছ কয়েক কোটি ইউরো 'বেইল আউট প্যাকেজ' বা ঋণ নিতে রাজি হয়।
জাতীয় স্বার্থেই এ উদ্যোগ নিচ্ছেন বলে জানিছেন প্রধানমন্ত্রী কওয়েন।
কিন্তু এই ঋণ পরিশোধে দেশে চার বছরের একটি বাজেট পরিকল্পনা সংসদে অনুমোদনের ব্যাপারে নাটকীয়ভাবেই বেঁকে বসেন সংসদের দুই স্বতন্ত্র সদস্য। ঋণ পরিশোধের লক্ষ্যে চার বছরের বাজেট পরিকল্পনায় কঠোর ব্যয়সংকোচনের পদক্ষেপ থাকবে।
ওই দুই সংসদ সদস্য জানিয়েছেন জানিয়েছেন, এটি পাস করার ব্যাপারে সমর্থন দেওয়া থেকে বিরত থাকবেন তারা।
বাজেট পরিকল্পনায় সরকারের ব্যয় ১০ বিলিয়ন ইউরো কমানো, কর ৫ বিলিয়ন ইউরো বাড়ানো ছাড়াও এর আওতায় ন্যূনতম মজুরি হ্রাস, সমাজকল্যাণ ব্যয় কমানো, সরকারি কর্মচারি কাটছাঁট করাসহ সম্পদের ওপর নতুন করে কর ধার্য করাসহ আয়করও বাড়ানো হবে।
গ্রিন পার্টির ছয় আইপ্রণেতা পার্লামেন্টে সরকারের ক্ষমতার ভারসাম্য ধরে রেখেছে।
গ্রিন পার্টির সমর্থন নিয়েও পার্লামেন্টে মাত্র তিনটি আসনে আয়ারল্যান্ড সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে। এর একটি আসনে বৃহস্পতিবার উপনির্বাচন হওয়ার কথা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/সিআর/১৫০১ঘ.
bdnews24