ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দীর্ঘ ১০ বছর পর ছোট ছেলে কিম এরিসের সঙ্গে পুনরায় মিলিত হলেন মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি।
সু চি ইয়াঙ্গুন বিমান বন্দরে এরিসকে অভ্যর্ত্থনা জানান বলে বিবিসি জানিয়েছে।
এর আগে সোমবার সু চির আইনজীবী জানান, এরিসকে ভিসা দেওয়া হয়েছে এবং সোমবারেই তিনি মিয়ানমারে আসার চেষ্টা করছেন।
১৩ নভেম্বর গৃহবন্দিত্ব থেকে সু চি মুক্তি পাওয়ার আগেই এরিস থাইল্যান্ডে আসেন এবং মিয়ানমারের ভিসার পাওয়ার জন্য অপেক্ষা করেন।
মিয়ানমারের জান্তা সরকার গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই সু চিকে গৃহবন্দি করে রাখে।
বিমানবন্দরে ছেলেকে নিতে আসা ৬৫ বছর বয়সী সু চিকে খুব উৎফুল্ল দেখা যায়।
এর আগে ২০০০ সালে শেষবারের মতো মা ও ছেলের মধ্যে সাক্ষাৎ হয়। এরপর থেকে মিয়ানমারের জান্তা সরকার বারবারই এরিসকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়।
এছাড়া প্রায় এক দশক ধরে বড় ছেলে অ্যালেকজান্ডারের সঙ্গে সাক্ষাৎ হয়নি সু চির। আর নাতি নাতনিদের কখনোই দেখেননি তিনি।
সু চির স্বামী ব্রিটিশ শিক্ষাবিদ মিখায়েল অ্যারিস ১৯৯৯ সালে ক্যান্সারে মারা যান। সু চির সঙ্গে জীবনের শেষ পর্যায়ে অ্যারিস দেখা করতে চাইলে মিয়ানমারের জান্তা সরকার তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানায়।
অনেকের ধারণা সু চি কখনো দেশের বাইরে গেলে তাকে কখনোই মিয়ানমারে ঢুকতে দেওয়া হতো না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১২২৭ঘ.
bdnews24