২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিকম কেলেঙ্কারিতে এখনো অচল ভারতের পার্লামেন্ট

টেলিযোগাযোগ খাতে সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারির তদন্ত নিয়ে বিরোধীদলগুলোর সঙ্গে সরকারের বিরোধের জেরে পার্লামেন্টে অচলাবস্থা কাটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

নয়াদিল্লি, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- টেলিযোগাযোগ খাতে সবচেয়ে বড় দুর্নীতি কেলেঙ্কারির তদন্ত নিয়ে বিরোধীদলগুলোর সঙ্গে সরকারের বিরোধের জেরে পার্লামেন্টে অচলাবস্থা কাটেনি। সোমবার পার্লামেন্ট সচল করার চেষ্টায় অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকও ব্যর্থ হয়েছে। দু'সপ্তাহ ধরে পার্লামেন্ট অধিবেশন অচল হয়ে থাকায় পিছিয়ে যাচ্ছে সরকারের অর্থনৈতিক সংস্কার বিল পাশের কাজ। টেলিকম লাইসেন্স সুলভ মূল্যে বিক্রি করা নিয়ে সাবেক টেলিযোগাযোগ মন্ত্রী আন্ডিমুথু রাজার কেলেঙ্কারি তদন্তে সংসদীয় কমিটি গঠনের দাবিতে নভেম্বরের শুরু থেকে বিরোধী দল পার্লামেন্ট অচল করে রেখেছে। কিন্তু কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার বিরোধী দলের ওই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের বক্তব্য হচ্ছে, এ ব্যাপারে পৃথক তদন্ত চলছে। তাই আর কোন তদন্তের প্রয়োজন নেই। ওদিকে, ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেত্রী সুষমা স্বরাজ সাংবাদিকদের বলেছেন, "আমরা সরকারকে বলেছি তারা আমাদের দাবি মেনে নিলে আমরা দ্রুত অচলাবস্থার অবসান ঘটাবো।" এ ইস্যু নিয়ে জোট সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই। কিন্তু এ কেলেঙ্কারির ফলে পার্লামেন্টের মাধ্যমে সরকার যে অর্থনৈতিক সংস্কার পরিকল্পনা পাশ করাতে চেয়েছিল তার সম্ভাবনা স্তিমিত হয়ে পড়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪১ গ.