২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ডে নির্বাচন দাবি করেছে গ্রিন পার্টি

সঙ্কটে পড়া আয়ারল্যান্ড অর্থনীতিকে চাঙ্গা করতে বিপুল অর্থসহায়তা নেওয়া এবং ব্যয়সঙ্কোচন পরিকল্পনার আভাস দেওয়ার পরপরই অবিলম্বে সাধারণ নির্বাচন দাবি করেছে সরকারের শরিক দল গ্রিন পার্টি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 02:23 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ডাবলিন, নভেম্বর, ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সঙ্কটে পড়া আয়ারল্যান্ড অর্থনীতিকে চাঙ্গা করতে বিপুল অর্থসহায়তা নেওয়া এবং ব্যয়সঙ্কোচন পরিকল্পনার আভাস দেওয়ার পরপরই অবিলম্বে সাধারণ নির্বাচন দাবি করেছে সরকারের শরিক দল গ্রিন পার্টি। জানুয়ারিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে জোট সরকারের সংখ্যালঘু গ্রিন পার্টি বলেছে, "জনগণের রাজনৈতিক নিশ্চয়তা প্রয়োজন।" বিবিসি এ খবর জানিয়েছে। আয়ারল্যান্ড রোববার দেশের ব্যাংকিং খাত সামাল দিতে ইইউ-আইএমএফ এর কাছ কয়েক কোটি ইউরো 'বেইল আউট প্যাকেজ' বা ঋণ নিতে রাজি হয়। আর এই ঋণ পরিশোধে দেশে চার বছরের একটি বাজেট পরিকল্পনার কথা ইতোমধ্যেই জানিয়েছে সরকার। যে পরিকল্পনায় কঠোর ব্যয়সংকোচনের পদক্ষেপ থাকবে। সরকারের ব্যয় ১০ বিলিয়ন ইউরো কমানো, কর ৫ বিলিয়ন ইউরো বাড়ানো ছাড়াও এ পরিকল্পনার আওতায় ন্যূনতম মজুরি হ্রাস, সমাজকল্যাণ ব্যয় কমানো, সরকারি কর্মচারি কাটছাঁট করাসহ সম্পদের ওপর নতুন করে কর ধার্য করা এমনকি আয়করও বাড়ানো হবে। গ্রিন পার্টির নেতা ও পরিবেশ মন্ত্রী জন গোর্মলে বলেছেন, তিনি চান নির্বাচন জানুয়ারির দ্বিতীয়ার্ধেই অনুষ্ঠিত হোক। তবে তিনি ৭ ডিসেম্বরে ২০১১ সালের বাজেট পাশের পরই এ নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দেন। গ্রিন পার্টির ছয় আইপ্রণেতা পার্লামেন্টে সরকারের ক্ষমতার ভারসাম্য ধরে রেখেছে। গ্রিন পার্টির সমর্থন নিয়েও পার্লামেন্টে মাত্র তিনটি আসনে আয়ারল্যান্ড সরকারের সংখ্যাগরিষ্ঠতা আছে। এর একটি আসনে বৃহস্পতিবার উপনির্বাচন হওয়ার কথা। এরই মধ্যে এক বিবৃতিতে গোর্মলে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবিসহ অন্যান্য আরো অনেক দাবি জানিয়েছেন। যদিও জোট সরকার থেকে গ্রিন পার্টির বেরিয়ে যাওয়ার হুমকি দেননি তিনি। কিন্তু গ্রিন পার্টির এ নতুন পদক্ষেপে আয়ারল্যান্ডের অর্থনৈতিক দুর্দশা এখন রাজনৈতিক সঙ্কটে মোড় নিচ্ছে বলেই মন্তব্য করেছেন বিবিসির সংবাদাতা মার্ক সিম্পসন। আয়ারল্যান্ডের প্রধান বিরোধীদল রোববারই জানিয়েছে, ৭ ডিসেম্বরে বাজেট ঘোষণার আগেই তারা সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট করার কথা ভাবছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৭ ঘ.