কাবুল, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)---- আফগানিস্তানে ১৮ সেপ্টেম্বরের পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী ১৯ জন প্রার্থীকে জালিয়াতির অভিযোগে অযোগ্য ঘোষণা করেছে 'ইলেক্টোরাল কমপ্লেইন্টস কমিশন' (ইসিসি)।
অযোগ্য ঘোষিতদের ৭ জন বর্তমান পার্লামেন্ট সদস্য। জাতিসংঘ-সমর্থিত ইসিসি এ সমস্ত প্রার্থীর বেশির ভাগ ভোট জাল বলে চিহ্নিত করার পর তাদেরকে অযোগ্য ঘোষণা করে।
ভোট ডাকাতি ও জালিয়াতির একাধিক অভিযোগের কারণে এখন পর্যন্ত আফগানিস্তানে পার্লামেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা হয়নি। তার মধ্যে ইসিসি'র নতুন এ পদক্ষেপে ফল ঘোষণা আরেক দফায় ব্যাহত হলো।
অযোগ্য ঘোষিত প্রার্থীদের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
নির্বাচনে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) ইতোমধ্যেই এক চতুর্থাংশ ভোট বাতিল করেছে।
জালিয়াতির অভিযোগে খোদ আইইসির বিরুদ্ধেও তদন্ত চলছে। তাছাড়া, গত মাসে ২২০ জনেরও বেশি প্রার্থীকে জালিয়াতির অভিযোগে জেরা করেছে নির্বাচন র্কর্তপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৪ ঘ.
bdnews24