ইসলামাবাদ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ২০১৪ সালের শেষ নাগাদ আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের ন্যাটো পরিকল্পনাকে রোববার স্বাগত জানিয়েছে পাকিস্তান।
তবে মাঠ পর্যায়ের পরিস্থিতি বিবেচনা না করে সেনা প্রত্যাহারের কোনোরকম পরিকল্পনা সম্পর্কে সতর্ক করে দিয়েছে তারা।
লিসবনের সম্মেলনে ন্যাটো নেতারা শনিবার ২০১৪ সালের শেষ নাগাদ আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের পাশাপাশি একই সময়ে নিরাপত্তা পরিস্থিতির ভালো-মন্দ বিবেচনা করে যুদ্ধভিযান শেষ করার পরিকল্পনা চূড়ান্ত করেছে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের ক্ষেত্রে এ বিবেচনাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন।
ইন্দোনেশিয়া থেকে টেলিফোনে রয়র্টাসে কুরেশি বলেন, সময়সীমা খুবই যুৎসই হয়েছে। এখন যা করা উচিত তা হচ্ছে, মাঠ পর্যায়ের বাস্তবতা এবং নিরাপত্তার দায়িত্ব পালনে আফগান কর্তৃপক্ষের সক্ষমতার দিকটি বিবেচনা করে সে অনুযায়ী সেনা প্রত্যাহার শুরু করা।
উল্লেখ্য, দেশে ক্রমবর্ধমান তালেবান সহিংসতা মোকাবেলায় হিমশিম পাকিস্তান সরকার আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের পর সেখানে সহিংসতা আরো বেড়ে যাওয়া এবং বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেওয়া নিয়ে শঙ্কিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৫২ ঘ.
bdnews24