ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- ভারতের বিহারে বোমা বিস্ফোরণে অন্তত সাত জন নিহত হয়েছে। মাওবাদী বিদ্রোহদের পেতে রাখা বোমার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
বিহারের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, বিহারের আওরঙ্গবাদ জেলায় শনিবার মাটির নিচে গর্তে রাখা অবস্থায় বোমাটি পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে সেটাকে নিষ্ক্রিয় না করে বালুর বস্তা দিয়ে ঢেকে রাখা হয়।
সেদিন স্থানীয় গ্রামবাসী বোমাটি পরীক্ষা করে দেখতে গেলে সেটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে সাত জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
বোমাটি মাওবাদী বিদ্রোহীরা রেখেছে বলে ধারণা করছে পুলিশ।
ওই এলাকায় মাওবাদী বিদ্রোহীদের জোর তৎপরতা রয়েছে।
বিহারের ২৪৩ আসনের বিধানসভার মাসব্যাপী কয়েক দফা নির্বাচনের চূড়ান্ত পর্ব শনিবার শেষ হয়েছে।
মাওবাদী বিদ্রোহীরা বিধানসভার এ নির্বাচন বর্জন করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৭০৮ ঘ.
bdnews24